ঢাকার মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির : নাসির দক্ষিণে আসিফ উত্তরে

Printed Edition

ঢাবি প্রতিনিধি

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে দলটি।

গতকাল রোববার বিকেলে এনসিপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি সার্বিক দিকনির্দেশনা দেন।

সভায় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে নাসীরউদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নাসীরউদ্দীন পাটোয়ারীকে ঢাকা দক্ষিণ এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন নাহিদ ইসলাম।

সভায় সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ এবং ওয়ার্ডভিত্তিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মহানগরের বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিত করে সেগুলো নিয়ে আন্দোলন গড়ে তোলার বিষয়ে নেতাদের দিকনির্দেশনা দেয়া হয়।

নাহিদ ইসলাম সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যার বিষয়ে সক্রিয় থাকার নির্দেশনা দেন। একই সাথে জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও তাদের পাশে থাকার বিষয়েও গুরুত্বারোপ করেন।

এ ছাড়া পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিষয়ে ওয়ার্ড পর্যায়ে কড়া নজরদারি রাখার নির্দেশনা দেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে দুই মহানগরের ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়।