এক শিক্ষার্থী আজীবন বহিষ্কার ৮ জনের বিভিন্ন মেয়াদে শাস্তি

রুয়েটে যৌন নিপীড়ন

Printed Edition

রুয়েট প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে নারী শিক্ষার্থী নিপীড়নের অভিযোগের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েটে) এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ডিসিপ্লিনারী কমিটির সদস্যসচিব প্রফেসর ড. মো: রবিউল ইসলাম সরকার এ সংক্রান্ত কমিটির মিটিংয়ের সিদ্ধান্তে এ বিষয়ে জানান। অভিযুক্ত ওই শিক্ষার্থী হলেন কম্পিউটার প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সুমন মজুমদার (ছাত্র আইডি : ২৪০৩১২৯)।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, যৌন নিপীড়নসংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে রুয়েটের ডিসিপ্লিনারি অর্ডিন্যান্সের ৬ নং ধারায় তার বিরুদ্ধে শাস্তিমূলক এসব ব্যবস্থা নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রধান অভিযুক্ত সুমন মজুমদারকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরো আটজন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে নিপীড়নে সহযোগিতার অভিযোগে তিনজনকে তিন শিক্ষাবর্ষের জন্য এবং উস্কানিদাতা পাঁচ শিক্ষার্থীকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সাথে অভিযুক্তদের মধ্যে আটজনকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চারিত্রিক সনদ দেবে না বলেও সিদ্ধান্ত হয়েছে।

রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীসহ সব শিক্ষার্থীর নিরাপত্তা ও মর্যাদা সর্বোচ্চ গুরুত্বের বিষয়। অভিযোগ ওঠার পরপরই প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে এবং এ সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। রুয়েট নারী শিক্ষার্থী নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার; ক্যাম্পাসে এ ধরনের আচরণের কোনো স্থান নেই।