প্রশ্ন ফাঁসে অভিযুক্ত শিক্ষকদের পুনর্বহাল ঠেকাতে মানববন্ধন
Printed Edition
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত শিক্ষক-কর্মচারীদের বিদ্যালয়ে পুনর্বহাল না করার দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার কলেজ মোড়ে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
জানা যায়, ২০২২ সালে ওই বিদ্যালয় কেন্দ্রে প্রশ্ন ফাঁসের অভিযোগে তৎকালীন প্রধান শিক্ষকসহ সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) তাদের পুনর্বহালের নির্দেশ দিলে স্থানীয় মহলে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। অভিযুক্তরা বিদ্যালয়ে যোগদান করতে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিলেন, তবে রাষ্ট্রপক্ষ গত ১০ ফেব্রুয়ারি কুড়িগ্রাম দায়রা জজ আদালতে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্যসচিব শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, সুধী সমাজের প্রতিনিধি নিজাম উদ্দিন ব্যাপারী, সহকারী শিক্ষক হারুনুর রশীদ এবং বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতা ইয়াকুব আলী শ্রাবণসহ অনেকে। বক্তারা বতর্কিত ব্যক্তিদের কোনোভাবেই পবিত্র শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনা যাবে না বলে হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।