হাওরের ধান কাটা উদ্বোধন করলেন বাবর
Printed Edition
নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াজড়িতে ধান কাটার শুভ উদ্বোধন করেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। জানা যায়, নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুড়ি উপজেলায় লক্ষাধিক মানুষের বসবাস। সেখানে ৮৯টি হাওরে প্রায় ২০ হাজার ২৩২ হেক্টর জমিতে ব্রি-২৮, ব্রি-২৯, উপশী, ও হাইব্রিড জাতীয় বোরো ধান লাগানো হয়। খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, জামায়াতের আমির মো: ইসমাইল হোসেন ও বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু জানান, অতি বৃষ্টিতে বোরো ধানের আংশিক ক্ষতি এবং হারভেস্টার মেশিনের কিছুটা সঙ্কট থাকলেও ধান কাটায় তেমন কোনো সমস্যায় পড়তে হবে না কৃষকদের। উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, ‘এ বছর ধানের ফলন ভালো হয়েছে। ধান কাটার মেশিন সরবরাহ করা হচ্ছে। গত ১১ এপ্রিল শনিবার বিকেলে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বিলবিলিয়া হাওরে হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটার উদ্বোধন করেন লুৎফুজ্জামান বাবর। খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা।