শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে দোয়া মাহফিল
Printed Edition
নারায়ণগঞ্জের চাষাড়া এলাকার বাগে জান্নাত মাদরাসায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে গরিব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাশেদুল ইসলাম ফয়সাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শহীদুল ইসলাম রিপন (মামা)। বিশেষ অতিথি ছিলেন মমিন ভূঁইয়া।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান এবং বিশেষ বক্তা ছিলেন সংগঠনের মহানগর সভাপতি দুলাল মল্লিক।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের আমলে দলের নেতাকর্মীরা চরম ভয়ভীতি ও নির্যাতনের মধ্যে দিন কাটিয়েছেন। অনেকেই হামলা, মামলা, গুম ও হত্যার শিকার হয়েছেন। তখন বলার বা শোনার কেউ ছিল না। দীর্ঘ ১৭ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসায় নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
বিশেষ অতিথি মমিন ভূঁইয়া তার বক্তব্যে বলেন, তার পরিবারের সদস্য মেজর বজলুল হুদাকে বন্দী অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয় এবং ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার শওকত হাসেমের বড় ভাই কিসমত হাসেমকে বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িয়ে দেশত্যাগে বাধ্য করা হয়। পরে বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে কিসমত হাসেম বেকসুর খালাস পেলেও তার পরিবারের ওপর নির্যাতন চালানো হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে তার নিজ বাসভবন থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হয় এবং মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দী রাখা হয়। এত নির্যাতনের পরও তিনি আল্লাহর ওপর ভরসা রেখে দৃঢ় ছিলেন। শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসনের পতন ঘটেছে এবং জনগণের রোষানলে পড়ে ফ্যাসিস্ট শক্তি দেশত্যাগে বাধ্য হয়েছে।
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রামকৃষ্ণ মিশনের প্রবীর সাহার তত্ত্বাবধানে তিলক মহারাজ জিয়া পরিবারের সদস্যদের জন্য আশীর্বাদ প্রদান করেন। একইভাবে চাষাড়া মন্দিরের মদন মোহন দাসের তত্ত্বাবধানে দোয়া অনুষ্ঠিত হয় এবং ব্যাপ্টিস্ট চার্চে সৌরভ দেউড়ীর নেতৃত্বে গির্জায় জিয়া পরিবারের জন্য প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাদরাসার মুহতামিম। এ সময় সংগঠনের জেলা সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, বিকেএমইএর সাবেক সভাপতি মঞ্জুরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলার উপদেষ্টা ইসহাক খানের মরহুম পুত্র ইমরান খানের জন্য বিশেষ দোয়া করা হয়।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনে অ্যাডভোকেট আবুল কালামকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।