সংবর্ধনা গ্রহণের জন্য নয়, কৃতজ্ঞতা জানাতে এসেছি

তজুমদ্দিনে সংবর্ধনার জবাবে স্পিকার

Printed Edition
back-3
ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদে গতকাল জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহম্মদকে গণসংবর্ধনা দেয়া হয় : নয়া দিগন্ত

ভোলার তজুমদ্দিনে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহম্মদ বীর বিক্রমকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। নিজ নির্বাচনী এলাকা ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সফরের অংশ হিসেবে তিনি এ গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

গতকাল বিকেল সাড়ে ৫টায় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ভোলা-আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনরি সাবেক যুগ্ম আহ্বায়ক ড. অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মাকসুদুর রহমান, শাহাদাৎ হোসেন পাটওয়ারী, ভোলা জেলা যুবদলের সহসভাপতি হাসান সাফা পিন্টু, চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকার, সোনাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জাকির হোসেন মনু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রিয় কমিটির সদস্য শাহ শাহিন সাজি, চাঁচড়া বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, মলংচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন পাটওয়ারী প্রমুখ।

বৃহস্পতিবার তিন দিনের সফরে ভোলায় আসেন স্পিকার। সফরের দ্বিতীয় দিনে আগে তিনি বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলার সব দাফতরিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এ সময় উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে স্পিকারকে ফুল দিয়ে বরণ করে নেন।

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার মেজর হাফিজ বলেন, আমি সংবর্ধনা গ্রহণের জন্য নয়, বরং এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এসেছি। তিনি এলাকার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, ভোলা-৩ আসনের জনগণ সবসময় তার পাশে ছিল এবং তাদের ভালোবাসা ও সমর্থনের কারণেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। এ জন্য তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার নিজ এলাকায় প্রথম সফর। এ সফরকে ঘিরে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু।