আগামীকাল ফয়সালার আশা বুলবুলের
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠার পর থেকেই সব জটিলতার সূত্রপাত। এই ইস্যুতে গত কয়েক মাসে টালমাটাল দেশের ক্রিকেটাঙ্গন। বিসিবির সাথে ক্লাব কর্তাদের দ্বিমতের জেরে এই মৌসুমে এখন পর্যন্ত কোনো লিগই মাঠে গড়ায়নি। মাঠের বাইরের নানা জটিলতাকে একপাশে রেখে ক্রিকেটারদের সাথে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেটারদের সাথে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে তার।
বুলবুল বলেন, ‘কোচিং স্টাফ, খেলোয়াড়দের সাথে বসার কথা ছিল। আলাদাভাবে অনেক খেলোয়াড়ের সাথে কথা বলেছি। কোচিং স্টাফদের সাথে কথা বলে জানতে চেয়েছি, তাদের প্ল্যানগুলো কী। তারা কিভাবে কাজ করছে, তাদের কিভাবে আমরা আরো বেশি ফ্যাসিলিটেট করতে পারব। এখন বিসিবি প্রেসিডেন্ট হলেও আমি কিন্তু কোচ এবং লেভেল থ্রি মাস্টার, টিউটর। জানতে চেয়েছি সাইকোলজিক্যালি তারা কোথায় আছে। বাংলাদেশ ক্রিকেট যে এগিয়ে যাচ্ছে, তার প্রমাণ হচ্ছে, আমাদের এই খেলোয়াড়দের পরিণত উত্তরগুলো। আমি নিয়মিত এটা করতে চাই।’
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) আয়োজন নিয়ে আশাবাদী বুলবুল। তিনি বলেন, ‘আমাদের প্রধান কাজ হচ্ছে ক্রিকেট খেলা চালানো এবং এই প্রিমিয়ার ক্রিকেট হচ্ছে আমাদের ৫০ ওভারের একমাত্র বড় ইভেন্ট। এবং এই ‘লিস্ট এ’ ইভেন্টের জন্য আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং আছে, মিস-আন্ডারস্ট্যান্ডিং আছে, এগুলো ভুলে খেলাটার দিকে আগে মনোযোগ দেয়া উচিত। খেলোয়াড়েরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন।’
তিনি যোগ করেন, ‘একটা হাই পারফর্মিং এনভায়রনমেন্ট তৈরি করাটাও খুব জরুরি। আমরা ৮ তারিখে (আগামীকাল) একটা মিটিং ডেকেছি। আশা করব প্রতিটি ক্লাব সেখানে আসবে এবং তারা এই লিগটা খেলবে। আমাদের পক্ষ থেকে যে ধরনের অনুদান দেয়ার পরিকল্পনা আছে, যে কাজগুলো আছে, সেগুলো আমরা করে বসে আছি। প্লেয়াররা রেডি। শুধু ক্লাবের জন্য অপেক্ষা। ইনশাআল্লাহ ৮ তারিখে এর একটা ফয়সালা হয়ে যাবে।’