কেয়ার ভিসার নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ ৪ জনের বিরুদ্ধে মামলা

Printed Edition

মৌলভীবাজার প্রতিনিধি

যুক্তরাজ্যে কেয়ার ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল অফার লেটারের মাধ্যমে ২৫ লাখ ৫৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীনসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মৌলভীবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদি মৌলভীবাজার সদর উপজেলার নাদামপুর এলাকার বাসিন্দা রহিম চৌধুরী। গত ৩০ মার্চ বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে দায়ের করা মামলাটি সম্প্রতি প্রকাশ্যে আসে। মামলার আসামিরা হলেন- কমলগঞ্জ উপজেলার রুয়েজ আহমদ, মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল রোডের সুহেনা সুলতানা এবং সিলেটের ওসমানীনগর উপজেলার চানপুর এলাকার সায়েম আহমদ।

এজাহারে উল্লেখ করা হয়, যুক্তরাজ্য প্রবাসী নাসির আহমদ শাহীনের ভাগনে সায়েম আহমদের মাধ্যমে কেয়ার ভিসায় লোক নেয়ার বিষয়ে তার সাথে যোগাযোগ হয়। এ সময় নাসির আহমদ শাহীন ১৮ হাজার পাউন্ড দাবি করেন এবং তিন মাসের মধ্যে ভিসা সম্পন্ন করার আশ্বাস দেন। পরে চুক্তি অনুযায়ী বাংলাদেশী মুদ্রায় ২৫ লাখ ৫৬ হাজার টাকা বিভিন্ন সময়ে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়। বাদির দাবি, নির্ধারিত সময়ের মধ্যে ভিসা না হওয়ায় তারা একটি অফার লেটার পান, যা পরে জাল বলে প্রমাণিত হয়। এরপর পুনরায় ভিসা রিভিউয়ের কথা বলে আরো সাত মাস সময় নেয়া হলেও কোনো অগ্রগতি হয়নি। একপর্যায়ে টাকা ফেরত চাইলে অভিযুক্তরা কালক্ষেপণ করেন এবং পরে টাকা দিতে অস্বীকৃতি জানান।

রহিম চৌধুরী সাংবাদিকদের বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। ন্যায়বিচারের আশায় তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

অভিযোগের বিষয়ে নাসির আহমদ শাহীন বলেন, ভিসা প্রক্রিয়ার সাথে তিনি সরাসরি জড়িত নন; বিষয়টি তার ভাগনে দেখাশোনা করেছেন। তার দাবি, বাদির দেয়া হাসপাতালের সনদে জটিলতা থাকায় ভিসা প্রত্যাখ্যাত হয়।