দেশে একপক্ষীয় নির্বাচনের শঙ্কা তৈরি হয়েছে : চরমোনাই পীর

Printed Edition

খুলনা ব্যুরো

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরাও শোকাহত। কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসন বিশেষ একটি দিকে ঝুঁকে পড়েছে। এটা একপক্ষীয় নির্বাচনের ঝুঁকি তৈরি করেছে। তিনি বলেন, নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে, দেশে একটি দুষ্টচক্র জনগণের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি করে নির্বাচনী পরিবেশকে চরমভাবে বাধাগ্রস্ত করতে চায়। আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বলব,আপনারা এই খুনিচক্রের বিরুদ্ধে নজরদারি বাড়ান।

চরমোনাই পীর আরো বলেন, শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য ও দলীয় অস্ত্রধারীরা এখনো ঘাপটি মেরে বসে আছে। জুলাই যুদ্ধের অগ্রসৈনিক শরিফ ওসমান হাদির হত্যাকারীকে ধরতে পারেনি। তারা জুলাই বিপ্লবীদের স্তব্ধ করে দেয়ার ষড়যন্ত্র করেছে। বৈষম্যহীন সমাজব্যবস্থা গঠন, নতুন রাষ্ট্রকাঠামো তৈরির পথে তারা বাধা তৈরি করতে চায়। তিনি বলেন, লুট করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তেমন তোড়জোড় দেখা যাচ্ছে না। লেভেল প্লেয়িং ফিল্ড থাকছে না। কোনো কোনো নেতা আলাদা গুরুত্ব পাচ্ছেন, ভিআইপি প্রোটোকল পাচ্ছেন। বিভ্রান্তিকর জরিপের মাধ্যমে জনমতকে বিশেষ দিকে প্রভাবিত করা হচ্ছে।

তিনি গতকাল শুক্রবার নগরীর জামিয়া রশিদিয়া গোয়ালখালী মাদরাাসা অডিটোরিয়ামে দলের খুলনা মহানগর ও জেলার উদ্যোগে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। খুলনা মহানগর সভাপতি ও খুলনা ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমানুল্লাহ সভায় সভাপতিত্ব করেন। আরো বক্তৃতা দেন মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, দলের নায়েবে আমির হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল, খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, মহানগর সহসভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, আবু মো: গালিব, জেলা সহসভাপতি মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আবু সাঈদ প্রমুখ।