শীতার্তদের সহায়তায় বিত্তবানরা এগিয়ে আসুন : চসিক মেয়র
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সচ্ছল শ্রেণী, রাজনৈতিক-সামাজিক সংগঠন এবং করপোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শীত শুধু একটি মৌসুমি দুর্ভোগ নয়; শীতবস্ত্রের অভাবে প্রতি বছর অসংখ্য মানুষ প্রাণ হারান। এ বাস্তবতা থেকে উত্তরণে সম্মিলিত সামাজিক উদ্যোগের বিকল্প নেই।
গতকাল মঙ্গলবার সকালে নগরীর ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে চট্টপ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে পরিচ্ছন্ন বিভাগের কর্মরত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। অনুষ্ঠানে নগরীর ৪১টি ওয়ার্ডের ৪১০ জন পরিচ্ছন্নতা কর্মীর হাতে শীতকালীন পোশাক তুলে দেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো: শরফুল ইসলাম মাহি, মেয়রের একান্ত সহকারী জিয়াউর রহমান জিয়া, মারুফুল হক চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।