তারেক রহমানের জন্য বগুড়ার বাড়িও প্রস্তুত

Printed Edition

বগুড়া অফিস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে তার নিজ জেলায়ও নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। ঢাকার সংবর্ধনা অনুষ্ঠানে তারা বগুড়া থেকে প্রায় এক লাখ লোকের উপস্থিতির টার্গেট করেছে। সেই সাথে বগুড়া শহরের সূত্রাপুরের বাড়িটি বসবাসের জন্য প্রস্তুত করা হয়েছে।

বগুড়া জেলা বিএনপির কয়েকজন নেতা জানিয়েছেন বৃহস্পতিবার ঢাকার সংবর্ধনা অনুষ্ঠানে বগুড়া থেকে পাঁচশতাধিক যাত্রীবাহী বাস রিজার্ভ করা হয়েছে। এ ছাড়া ট্রেন, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহনে দলের নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। ইতিহাসের সাক্ষী হতে অনেকে উৎসাহ নিয়ে এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

এ দিকে সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালে বগুড়া সফরকালে শহরের সূত্রাপুরের চম্পা মহলের যে চারতলা বাসায় অবস্থান করতেন সে বাড়িটি ইতোমধ্যে বসবাসের উপযোগী করা হয়েছে। দীর্ঘ ২০ বছর ধরে ময়লা আবর্জনায় ভরে যাওয়ার পর সম্প্রতি বাড়িটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও ঘষে মেজে রঙ করা হয়েছে। কারণ তারেক রহমান বগুড়া সদর আসনে সংসদ সদস্য প্রার্থী হওয়ায় ধারণা করা হচ্ছে তিনি এ বাড়িতে কিছু সময়ের জন্য হলেও অবস্থান, এমনকি রাত যাপনও করতে পারেন।