পাল্লেকেলেতে ম্যাচ পরিত্যক্ত, বিদায় অস্ট্রেলিয়ার
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেট, যেখান অনেক কিছুই হয়। ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যায় না। দেখা যায় শেষ ওভারে কেউ ৩০ রান করে উৎসব করে, আবার কেউ শেষ ওভারে ৬ রান নিতে পারে না। আবার ব্যাতিক্রমও আছে। বিশ্বকাপে গতকাল ম্যাচ ছিল জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হাসল জিম্বাবুয়ে আর কাঁদল অস্ট্রেলিয়া। দশম আসরের সুপার এইটে উঠেছে জিম্বাবুয়ে। আইরিশরা এ পর্যন্ত এসেছে তাতেই খুশি। অন্য দিকে তিন ম্যাচে এক জয় ও দুই হারে অস্ট্রেলিয়ার সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। ২০০৯ সালের পর প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হলো ২০২১ সালের চ্যাম্পিয়ন অসিদের। ২০ তারিখে ওমানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতলেও শ্রীলঙ্কা বা জিম্ব^াবুয়েকে টপকে যেতে পারবে না অস্ট্রেলিয়া।
পাল্লেকেল্লের আকাশ যেন আগেই লিখে রেখেছিল ‘বি’ গ্রুপের শেষ অধ্যায়। আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় ‘বি’ গ্রুপের সুপার এইটের সমীকরণ চূড়ান্ত হয়ে গেছে। ম্যাচের একটি বলও মাঠে গড়ায়নি। টস হওয়ার আগেই কয়েক দফা বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়, দীর্ঘ প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ অফিসিয়ালরা খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন। তাতেই কপাল পুড়ে একই গ্রুপে থাকা অস্ট্রেলিয়ার। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই দলই এক পয়েন্ট করে পায়। এই এক পয়েন্টই জিম্বাবুয়ের জন্য হয়ে ওঠে অমূল্য। মোট ৫ পয়েন্ট নিয়ে তারা নিশ্চিত করে সুপার এইটের টিকিট। আর এর মধ্য দিয়েই সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ক্ষীণ আশাটুকুও শেষ হয়ে যায়।
আয়ারল্যান্ডের সামনে সমীকরণ ছিল- জিম্বাবুয়েকে হারাতে পারলেই কেবল নিজেদের ও অস্ট্রেলিয়ার সম্ভাবনা টিকে থাকত। সে ক্ষেত্রে জিম্বাবুয়েরও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর সুযোগ থাকত। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচই না হওয়ায় সব হিসাব মুছে যায়। চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ডের বিশ্বকাপ অভিযানও শেষ হয়েছে গ্রুপ পর্বেই।
এর আগেই শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল ‘বি’ গ্রুপের প্রথম দল হিসেবে সুপার এইটে জায়গা নিশ্চিত করে। পাথুম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট তুলে নেয় লঙ্কানরা। তাদের একটি ম্যাচ এখনো বাকি থাকলেও সুপার এইট নিশ্চিত হয়ে গেছে আগেই।
শ্রীলঙ্কার কাছে হারের পর অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ হতাশ কণ্ঠে বলেছিলেন, দলের ভাগ্য আর নিজেদের হাতে নেই। ড্রেসিংরুমে তীব্র হতাশার কথা জানিয়ে তিনি স্বীকার করেন, দল তাদের সেরা খেলাটা খেলতে পারেনি। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো।
২০২২ সালের পর এবারের আসরেই টি-২০ বিশ্বকাপে ফিরেছে জিম্বাবুয়ে। গত বিশ্বকাপে বাছাইপর্ব পেরোতে না পারলেও এবার বাছাইয়ে ছিল অপরাজিত। মূল পর্বেও তারা ধরে রেখেছে দারুণ ছন্দ। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করার পর তাদের সামনে এখন শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ। আফ্রিকার এ দলটি টানা দ্বিতীয়বারের মতো প্রথম পর্ব পেরিয়ে সুপার এইটে জায়গা করে নিল।
এবারের টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব ও সুপার এইটে কোন রিজার্ভ ডে রাখা হয়নি। তবে ম্যাচ শেষ করতে প্রতি ম্যাচের জন্য অতিরিক্ত এক ঘণ্টা রাখা হয়েছে। দু’টি সেমিফাইনাল ও ফাইনালের জন্য এক দিন করে রিজার্ভ ডে আছে।