ফিফার স্বীকৃতি আফগান নারী দলকে

Printed Edition

ক্রীড়া ডেস্ক

প্রায় পাঁচ বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফেরার পথ খুলে গেল আফগান নারী ফুটবলারদের জন্য। ফিফা আনুষ্ঠানিকভাবে আফগান নারী শরণার্থী দলকে স্বীকৃতি দিয়েছে, ফলে তারা এখন ‘আফগানিস্তান নারী ফুটবল দল’ হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এতদিন ‘আফগান ওমেন ইউনাইটেড’ নামে পরিচিত দলটি এখন থেকে বৈধভাবে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করতে পারবে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে। যদিও তারা ২০২৭ সালের নারী বিশ্বকাপে অংশ নিতে পারবে না, তবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বাছাইপর্বে অংশ নেয়ার সুযোগ পাবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, এই উদ্যোগ শুধু আফগান নারী ফুটবলারদের জন্য নয় বরং সেই সব দেশের জন্যও উদাহরণ, যেখানে কোনো কারণে জাতীয় দল গঠন বা অংশগ্রহণ সম্ভব হয় না। সংশ্লিষ্ট কনফেডারেশনের সাথে সমন্বয় করে তাদের এগিয়ে নেয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ।

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে নারীদের সব ধরনের ক্রীড়া কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে জাতীয় দলের খেলোয়াড়রা দেশ ছাড়তে বাধ্য হন। বর্তমানে অস্ট্রেলিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ছড়িয়ে থাকা ৮০ জনের বেশি খেলোয়াড় এই দলের অংশ। দলের সাবেক অধিনায়ক ও মানবাধিকারকর্মী খালিদা পোপাল দীর্ঘদিন ধরে এই স্বীকৃতির জন্য কাজ করে আসছিলেন। তিনি বলেন, ‘পাঁচ বছর ধরে আমাদের বলা হয়েছিল আফগান নারী দল আর কখনো খেলতে পারবে না।’