হাদি হত্যার বিচার না হলে জনগণকে আবারো রাজপথে নামতে হবে : ইসলামী ছাত্র আন্দোলন

Printed Edition
more-3
বায়তুল মোকাররমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

শহীদ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়- এটি রাষ্ট্রে চলমান বিচারহীনতার নগ্ন বহিঃপ্রকাশ। হাদির ওপর হামলার দীর্ঘ এক মাস পূর্ণ হলেও খুনীদের বিচারের আওতায় আনতে না পারার দায় অন্তর্বর্তীকালীন সরকার ও রাষ্ট্র এড়াতে পারে না। শহীদ ওসমান হাদির খুনিদের বিচার না হলে রাষ্ট্রকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে।

গতকাল জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা ও সমাবেশে এ কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ। পদযাত্রা ও সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।

মুনতাছির আহমাদ বলেন, জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের রক্তের ওপর দাঁড়িয়েই আজকের রাষ্ট্রব্যবস্থা। অথচ সেই রাষ্ট্রেই যদি জুলাইযোদ্ধা শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হয়, তাহলে এ রাষ্ট্রের নৈতিক বৈধতা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হলে জনগণকে আবারো রাজপথে নামতে হবে এবং সেই দায় রাষ্ট্রকেই নিতে হবে।

সমাবেশে অংশ নিয়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী পদযাত্রার কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বলেন, ৫ আগস্ট ২৪-এর পর যারা সুশীল কথাবার্তা বলতেন আজ শহীদ ওসমান হাদি ইস্যুতে তাদের খুঁজে পাওয়া যায় না। হাদিকে মুছে ফেলার চেষ্টা করা হলেও হাদিকে মুছে ফেলা যায় না। যারা শহীদ হাদিকে নিয়ে আন্দোলন সংগ্রামে ও রাজপথে ছিল আগামী দিনে জনগণ তাদেরকেই সমর্থন জানাবে।