রুমিন ফারহানাকে নির্বাচনী খরচে অর্থ দিলেন বৃদ্ধা

Printed Edition
bangla-5
ব্যারিস্টার রুমিন ফারহানাকে মালা পরিয়ে দিচ্ছেন এক বৃদ্ধা : নয়া দিগন্ত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার হাতে এক হাজার টাকার নোট তুলে দেন এক বৃদ্ধা ভোটার। পছন্দের প্রার্থীকে নির্বাচনী খরচের জন্য এই টাকা দিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, জিতে গেলে যেন রুমিন ফারহানা তাদের দিকে তাকান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সরাইল উপজেলার ধাউরিয়া গ্রামে স্থানীয়দের সাথে মতবিনিময়ের সময় বিমলা সরকার নামের ওই মহিলা প্রথমে গাঁদা ফুলের মালা দিয়ে রুমিন ফারহানাকে বরণ করে নেন। এরপর তার হাতে এক হাজার টাকার নোট গুঁজে দিয়ে বলেন, আপনি যাতে নির্বাচনে পাস করেন, সেই আশীর্বাদ করলাম। এই টাকা দিলাম নির্বাচনে খরচ করতে। পাস করে আমাদেরকে দেখবেন। আমি আপনার মা হয়ে আশীর্বাদ করি। বৃদ্ধার কাছ থেকে টাকা গ্রহণ করে রুমিন ফারহানা আবেগাপ্লুত হয়ে যান। তিনি তখন নিজ হাতে ফুলের মালাটি খুলে আবারও মহিলার গলায় পরিয়ে দেন। এ সময় উপস্থিত শতাধিক মানুষ করতালি দিয়ে এই দৃশ্যকে ভালোবাসার নিদর্শন হিসেবে গ্রহণ করেন। পরে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, এটি কোনো প্রচারণার অংশ নয়। এটি একজন মায়ের স্নেহ, এক গ্রাম্য নারীর আন্তরিকতা। এই টাকা আমি নির্বাচনী তহবিলে জমা দেবো।