সংক্ষিপ্ত সংবাদ
Printed Edition
বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা
পড়াশোনার খরচ না পেয়ে অভিমানে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত শনিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই শিক্ষার্থীর নাম আজিমুল ইসলাম (২৩)। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের বাসিন্দা ফজলুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বাড়িতে এসে বাবার কাছে পড়াশোনার খরচ বাবদ উল্লেখযোগ্য পরিমাণ টাকা চান আজিমুল। তার বাবা পেশায় অটোচালক, আর্থিক সীমাবদ্ধতার কারণে তা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে অভিমান করে আজিমুল ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার সকালে তিনি মারা যান। শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একজন মেধাবী শিক্ষার্থীর এভাবে জীবনাবসান সমাজের জন্য বড় ক্ষতি। প্রাথমিকভাবে জানা গেছে, আর্থিক সংকট ও মানসিক অভিমানের কারণেই এই ঘটনা ঘটেছে। ফুলবাড়ী থানার ওসি মাহামুদ হাসান নাঈম জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা।
সাটুরিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মানিকগঞ্জের সাটুরিয়ায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের এই বিশেষ উদ্যোগ নেয়া হয়ছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কৃষি উপকরণ কৃষকদের হাতে তুলে দেয়া হয়। সাটুরিয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া ইউএনও ইকবাল হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, কর্মসূচির আওতায় উপজেলার এক হাজার ৩০০ প্রতি প্রান্তিক কৃষককে পাঁচ কেজি ধান, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে। এই সময় সাটুরিয়া অফিসার্স ক্লাবের সেক্রেটারি ইউসুফ হোসেন, সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, অতিরিক্ত কৃষি অফিসার তাহমিনা শহীদ, উপজেলা সমবায় কর্মকর্তা মাকসুদ হোসেন, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা।
গফরগঁাঁওয়ে মুখী স্কুলবাজারে রাস্তার বেহাল দশা
ময়মনসিংহের গফরগাঁওয়ে মুখী স্কুলবাজারের রাস্তাগুলোর বেহাল দশায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। অথচ দেখার কেউ নেই। সামান্য বৃষ্টি হলে রাস্তার উপর হাঁটু পর্যন্ত পানি জমে যায়। অনেক জায়গার পিচ উঠে মাটি ও বৃষ্টির পানির সংমিশ্রণে কাদার ভাগাড়ে পরিণত হয়েছে। চাকরিজীবী থেকে শুরু করে স্কুল-কলেজগামী সবাই শত ভোগান্তি নিয়েই এ রাস্তা দিয়ে যাতায়াত করেন। এ ছাড়া প্রতিদিন এ রাস্তায় শত শত যানবাহন চলাচল করে। রাস্তার বেহাল দশার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, উল্টে যাচ্ছে ছোট ছোট যানবাহন। এ রাস্তা দিয়ে শুধু মশাখালী ইউনিয়নের মানুষই নয়, পার্শ¦বর্তী শ্রীপুরের কাওরাইদ ইউনিয়ন এবং ভালুকা উপজেলার বাসিন্দারাও চলাচল করে। ফলে রাস্তার এ দুরবস্থার শিকার হচ্ছেন বৃহত্তর এলাকার হাজারো মানুষ। অতি দ্রুত রাস্তাগুলো সংস্কার করার জন্য স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগীরা। গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা।
পাকুন্দিয়ায় তুলার গুদামে আগুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি তুলার গুদামে আগুন লেগে অন্তত ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পুলেরঘাট বাজারসংলগ্ন মাইজহাটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের পুলেরঘাট বাজারসংলগ্ন মাইজহাটি এলাকায় পল্লীবিদ্যুতের একটি সাব-স্টেশন রয়েছে। ঠিক পাশেই একটি তুলার গুদামে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গুদামে। খবর পেয়ে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গুদামের তুলাসহ মেশিনপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। তুলার গুদামের মালিক শামীম ও নিজাম উদ্দিন জানান, রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ আগুন লেগে গুদামের সমস্ত মালামাল ও মেশিনারিজ পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে আমাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে সামনে পল্লী বিদ্যুতের সাব স্টেশনের একটি মিটারের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ বিষয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোমেন মুর্শেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা।
দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলা হিলি এলাকায় ট্রেনে কাটা পড়ে মোছা: সাবিরন (৯০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি হিলি স্টেশনের সন্নিকটে আটাপাড়া বিওপির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবিরনের স্বামী জামাত আলী, দক্ষিণ বাসুদেবপুর জিলাপি পট্টি, বাংলা হিলি এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের ওপর অবস্থানকালে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। দিনাজপুর প্রতিনিধি।
বগুড়ায় কুপিয়ে যুবক খুন
বগুড়ায় আতাফল পাড়া কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিন (২৬) শহরের উত্তর চেলোপাড়া এলাকার মিরাজের ছেলে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, প্রাথমিকভাবে কবরস্থানের আতাফল পাড়াকে কেন্দ্র করে বাগি¦তণ্ডা হয়। তারপরই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনায় জড়িতদের বিষয়ে একাধিক নাম পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হচ্ছে না। বগুড়া অফিস।
বিএনপি নেতার জামায়াতে যোগদান
কক্সবাজারের ঈদগাঁওতে বিএনপির দুই প্রভাবশালী নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সদ্য যোগ দেয়া মোহাম্মদ হারুন উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের মাইজ পাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ। দলীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ হারুন এর আগে ঈদগাঁও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি এবং ঈদগাঁও উপজেলা শ্রমিকদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জামায়াতে ইসলামীর আদর্শ ও নিয়মতান্ত্রিক সাংগঠনিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘদিনের রাজনৈতিক পথ পরিবর্তন করে এই নতুন সিদ্ধান্ত নিয়েছেন। ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সাবেক সেক্রেটারি লায়েক ইবনে ফাজেল এই যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হারুন বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃত্ব দিলেও এখন থেকে জামায়াতের পতাকাতলে থেকে দেশ ও ইসলামের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন। ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা।