পিরোজপুর-২ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামাতের
Printed Edition
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুর-২ (কাউখালী-ভাণ্ডারিয়া-নেছারাবাদ) আসনে এবার ভাইয়ের বিরুদ্ধে লড়বেন আরেক ভাই। জাতীয় পার্টির (জেপি) মনোনয়ন নিয়ে লড়ছেন ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর চাচাতো ভাই মো: মাহিবুল হোসেন এবং তার আপন ভাই ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন মাহমুদ হোসেন।
এ ছাড়াও এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন সাইদীর ছেলে শামীম সাইদী এবং জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন নিয়ে লড়বেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর ছেলে আহম্মদ সোহেল মনজুর। এ আসনে আরো যারা লড়ছেন তারা হলেন- ইসলামী আন্দোলনের মো: আবুল কালাম আজাদ, আমার বাংলাদেশ (এবি) পার্টির ফয়সাল খান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোস্তাফিজুর রহমান।
এ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। স্থানীয়দের ধারণা, এ আসনে হেভিওয়েট প্রার্থী রয়েছেন বিএনপির আহম্মদ সোহেল মনজুর এবং জামায়াতের শামীম সাঈদী। তারা বলছেন, মূল প্রতিদ্বন্ধিতাই হবে এই দুই হ্যাভিওয়েট প্রার্থীর মধ্যে।