আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই : ড. খালিদ হোসেন

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
Printed Edition
back 1
চট্টগ্রামের বাঁশখালীতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন : নয়া দিগন্ত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিগত দিনে দেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারে নাই। আমরা একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই। তিনি বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এখন আমাদেরকে হানাহানি মারামারি ও কলহমুক্ত হতে হবে। মনে রাখবেন আপনি জুলুম করবেন তো আগামীতে সেই জুলুমের শিকার আপনিও হবেন।

৩ এপ্রিল চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর মৌলভীপাড়া মুছাপুকুরপাড় জামে মসজিদ ও ফোরকানিয়া মাদরাসা মাঠে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইয়েদ আহসান খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক মো: সাইফুল ইসলাম, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ প্রমুখ।

জামে মসজিদ ও ফোরকানিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জলদী আধুনিক হাসপাতালের এমডি এস এম শোয়াইবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, জামায়াত নেতা এনামুল হক জিহাদী, হেফাজত নেতা মাওলানা কারী ফজলুল করিম জিহাদী, মাওলানা মীর আহমদ, মাওলানা আহমদ নজীর, মোহাম্মদ সেলিম প্রমুখ। অনুষ্ঠানের শেষের দিকে স্থানীয়দের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।

বিকেলে ধর্ম উপদেষ্টা বাঁশখালী পৌরসদরের জলদীতে অসুস্থ উপজেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা নুরুল হক সুজিশকে দেখতে তার বাসায় যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেকা কামরুল ইসলাম হোসাইনী, পৌরসভা হেফাজতে ইসলামের আমির মাওলানা হাফিজুর রহমান ও উপজেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন জসিম প্রমুখ উপস্থিত ছিলেন।