বিভিন্ন স্থানে ৩ লাশ উদ্ধার

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশের তিন জেলায় পৃথক ঘটনায় এক রিকশাচালক, এক শিশু ও এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাগুলো রাজবাড়ী, টাঙ্গাইলের মধুপুর ও সাতক্ষীরার কলারোয়ায় ঘটেছে, যা স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীতে নিখোঁজের পর পদ্মা নদী থেকে লিটন খান (৪২) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় নদী থেকে তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে নৌপুলিশ। নিহতের স্ত্রী জানান, শনিবার রাতে রিকশা নিয়ে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর ফাতেমা আক্তার (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে মীর্জাবাড়ী ইউনিয়নের লেংড়া বাজার এলাকার বাসিন্দা। শনিবার সকাল থেকে নিখোঁজ থাকার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেন। পরদিন বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসীর স্ত্রী শারমীন সুলতানার (৩০) দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা এলাকায় নিজ বাড়ির রান্নাঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এটি বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে দগ্ধ হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। সিআইডি ও ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।