টাংগুয়ার হাওর পাড়ের শতবর্ষী হিজল বাগান বিলুপ্তির পথে
Printed Edition
আব্দুল আউয়াল মিছবাহ মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের রংচী গ্রাম টাংগুয়ার হাওর পাড়ে শতবর্ষী হিজল বাগান স্থানীয় দখলদার চক্রের মাধ্যমে প্রায় বিলুপ্তির পথে রয়েছে। উপজেলা প্রশাসনের অভিযানের পরও দখলদারদের তৎপরতা থামেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের সরাসরি নিষেধাজ্ঞা ও সতর্কবার্তা উপেক্ষা করে বর্তমানে বাগানের ভেতরে প্রকাশ্যেই ধান চাষ করছে একটি চক্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় গত ৩০ ডিসেম্বর সরেজমিন অভিযান চালিয়ে হিজল বাগানের ভেতরে সব ধরনের কৃষিকাজ বন্ধের নির্দেশ দেন। অভিযানের সময় অবৈধ মাটি অপসারণ, গাছ কাটার চিহ্ন এবং চাষাবাদের প্রস্তুতির আলামত দেখে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন। একই সাথে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন।
উপজেলা রংচী গ্রামের বাসিন্দা মো: আনোয়ার হোসেন জানান, হিজল বাগানটিকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য দ্রুত সীমানা নির্ধারণ, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং নিয়মিত নজরদারি জোরদার করা প্রয়োজন। পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণেরও জোর দাবি জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী অভিযোগ করে বলেন, উপজেলা প্রশাসন ও স্থানীয় প্রভাবশালীদের ‘ম্যানেজ’ করেই দখলদাররা প্রকাশ্যে কৃষিকাজ চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, হিজল বাগানে কোনো ধরনের চাষাবাদের অনুমতি নেই। এখানে কিছু আইনগত জটিলতা রয়েছে। খুব শিগগিরই আমি সরেজমিন যাব। তবে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।