বিএমইউকে চিকিৎসা শিক্ষায় রোল মডেল করার ঘোষণা নতুন ভিসির

Printed Edition

বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএমইউ) নবনিযুক্ত ভিসি প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী বিএমইউকে চিকিৎসা শিক্ষা ও সেবায় বিশ্বমানের ‘রোল মডেল’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

ভিসি তার বক্তব্যে উচ্চতর মেডিক্যাল শিক্ষায় দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি এবং রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রোভিসি অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ ও অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতারসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ বক্তব্য রাখেন।

মতবিনিময় শেষে ভিসি সুপার স্পেশালাইজড হাসপাতালে স্থাপিত দেশের প্রথম অত্যাধুনিক ‘এআই-ভিত্তিক রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার’ পরিদর্শন করেন। চীন সরকারের সহায়তায় প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত এই সেন্টারে ২২টি এআই প্রযুক্তিনির্ভর রোবটসহ মোট ৫৭টি রোবট রয়েছে। ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: এম এ শাকুর জানান, দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক এই সেন্টারে স্ট্রোক ও স্পাইনাল কর্ড ইনজুরিতে আক্রান্তদের ‘নিউরোপ্লাস্টিসিটি’ প্রক্রিয়ায় অত্যন্ত নিখুঁতভাবে থেরাপি দেয়া সম্ভব হবে। ভিসি এই প্রযুক্তিকে দেশের পুনর্বাসন চিকিৎসায় এক যুগান্তকারী মাইলফলক হিসেবে অভিহিত করেন।

এর অগে সকালে ভিসি শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। উল্লেখ্য, গত ৬ এপ্রিল ভিসি হিসেবে প্রথম কর্মদিবসে তাকে বিএমইউ ড্যাবের সভাপতি অধ্যাপক ডা: এরফানুল হক সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ডা: শেখ ফরহাদের নেতৃত্বে নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। ভিসি এ সময় সুপার স্পেশালাইজড হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালুসহ আইসিইউ ও সামগ্রিক সেবার মানোন্নয়নে বিএমইউ ড্যাব নেতাদের সাথে বিশদ আলোচনা করেন। সমাপনী বক্তব্যে তিনি প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সবার সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি।