জোয়ার ছাড়া নদীর মতো সংস্কৃতি ছাড়া মানুষও মৃত : আইআইইউসি ভিসি

Printed Edition
3rd-6
আইআইইউসির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভিসি ড. মোহাম্মদ আজাদী

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, জোয়ার ছাড়া নদী যেমন মৃত, তেমনি সংস্কৃতি ছাড়া মানুষও মৃত। শিক্ষাজীবনে সংস্কৃতিচর্চা না থাকলে মন-মানসিকতার পূর্ণ বিকাশ সম্ভব নয়। জীবনের প্রতিটি প্রতিযোগিতা হতে হবে ভালো কাজের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য।

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কর্নেল (অব:) মো: কাসেম, আর্টস ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ ইয়াসিন শরীফ, শরিয়াহ ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রশিদ জাহেদ, সহকারী প্রক্টর মোহাম্মদ শাইফুর রহমান চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

ভিসি আরো বলেন, আল্লাহ আমাদের ভালো কাজের প্রতিযোগিতা করতে বলেছেন। এই রমজানেও আমাদের আমলের প্রতিযোগিতায় শামিল হতে হবে। প্রতিযোগিতা যেন নিজেকে প্রদর্শনের জন্য না হয়; বরং আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য হয়। প্রকৃত প্রতিযোগিতা আখেরাতে সাফল্য অর্জনের প্রতিযোগিতা।

সময় ব্যবহারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সময়ের অপচয়ের জন্য একদিন জবাবদিহি করতে হবে। আল্লাহপ্রদত্ত নিয়ামত সৎভাবে কাজে লাগিয়ে সমাজ উন্নয়নে অবদান রাখারও তাগিদ দেন তিনি।

আয়োজকদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মুহাম্মদ মামুনুর রশিদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিভিশনের অতিরিক্ত পরিচালক চৌধুরী গোলাম মাওলা। বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় মোট ১০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে ৬০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি।