বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের শোক

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তান, ভারত ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান গভীর শোক প্রকাশ করেছেন।

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকায় মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার এবং বাংলাদেশের সব মানুষের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই শোকাবহ ক্ষতি সহ্য করার শক্তি যেন সর্বশক্তিমান তার পরিবারকে দেন।’

নরেন্দ্র মোদি আরো লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়নে, পাশাপাশি ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান সব সময় স্মরণ করা হবে।’ খালেদা জিয়ার সাথে সাক্ষাতের কথা স্মরণ মোদি লিখেছেন, ‘২০১৫ সালে ঢাকায় তার সাথে উষ্ণ সাক্ষাতের কথা আমার মনে আছে। আমরা আশা করি, তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার আমাদের পারস্পরিক অংশীদারত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে।’

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি শোক প্রকাশ করেছেন। মমতা বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি শোকাহত।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। আসিফ আলী জারদারি তার বার্তায় আরো বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্ব এবং ত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।’

অন্য দিকে খালেদা জিয়ার মৃত্যুর পরপরই শোক জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক টুইটে তিনি বাংলাদেশের জনগণের প্রতি খালেদা জিয়ার আজীবন ত্যাগ এবং দেশের সমৃদ্ধি ও উন্নয়নে অবদানের কথাও স্মরণ করেন। তিনি লিখেছেন, ‘খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিতপ্রাণ বন্ধু ছিলেন এবং পাকিস্তান সরকার ও জনগণ শোকের এ মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে আছে।’

ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক শোকবার্তায় বলেছে, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র গভীর শোক প্রকাশ করছে।’ এতে বলা হয়, খালেদা জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে তার নেতৃত্ব বিশেষ ভূমিকা রেখেছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে জাতিসঙ্ঘ। গতকাল জাতিসঙ্ঘ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। শোকবার্তায় বলা হয়, আজ (মঙ্গলবার) ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতিসঙ্ঘ গভীরভাবে মর্মাহত।

যুক্তরাজ্যও খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে। এক শোকবার্তায় বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ হাইকমিশন বলেছে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

ঢাকাস্থ কানাডা দূতাবাস খালেদা জিয়ার মৃত্যুতে তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

এ দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোকবার্তায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি খালেদা জিয়ার মৃত্যুতে চীনের পক্ষ থেকে বাংলাদেশের সরকার ও খালেদা জিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানান।

নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে গভীর শোক জানিয়েছেন। সুশীলা কার্কি লিখেছেন, ‘বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

জাপান খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করার ক্ষেত্রে খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেছে। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এক শোকবার্তায় বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সম্মানিত চেয়ারপারসন মহোদয়া বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীর শোক প্রকাশ করছি।’

ঢাকাস্থ জার্মান দূতাবাস এক শোকবার্তায় দেশের প্রথম নারী সরকারপ্রধান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছে। তার রাজনৈতিক উত্তরাধিকার এবং দ্বিপক্ষীয় সম্পর্কের কথা স্মরণ করে দূতাবাস জানায়, ‘নিজের দীর্ঘ জনজীবনে বেগম জিয়া বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফ্রান্স। বাংলাদেশের জাতীয় জীবন গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে এ দেশের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে দেশটি। মঙ্গলবার এক শোকবার্তায় বাংলাদেশে ফ্রান্স দূতাবাস জানায়, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী সরকারপ্রধান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফ্রান্স দূতাবাস গভীর শোক প্রকাশ করছে।’

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করার পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে। ইইউ এক শোকবার্তায় বলেছে, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাই।’

মালদ্বীপ প্রতিনিধি জানিয়েছে, খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে শোকবার্তায় তিনি লেখেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বাংলাদেশ সরকার এবং জনগণের প্রতি আমার গভীর সমবেদনা।’

অস্ট্রেলিয়া হাইকমিশন বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে। এক বার্তায় তারা লিখেছে, সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।