উইন্ডিজকে প্রথম হারের স্বাদ প্রোটিয়াদের

Printed Edition
Sports-1
দলকে জিতিয়ে মাঠ ছাড়ছেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার রিকেলটন ও মার্করাম : বিবিসি

ক্রীড়া ডেস্ক

ম্যাচের আগ পর্যন্ত ছিল সেয়ানে সেয়ানে লড়াই। কারণ এবারের টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই দলই ছিল অপরাজিত। উভয় দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে এসে একটি করে জয় তুলে নেয়। কিন্তু কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসহায় ওয়েস্ট ইন্ডিজ । তাদের উড়িয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিলো প্রোটিয়ারা। আহমেদাবাদে টস জেতা দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ম্যাচেও জিতেছে। ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে এইডেন মার্ক রামের দল। ৮ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের করা ১৭৬ রানকে ১৬.১ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে টপকে যায় দক্ষিণ আফ্রিকা। সুপার এইটে এসে প্রথম হারের তেতো স্বাদ নিতে হলো শাই হোপের দলকে। সেমিতে যেতে ওয়েস্ট ইন্ডিজকে জিততেই হবে ভারতের বিপক্ষে।

শুরুরা ভালোই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২.১ ওভারে স্কোর বিনা উইকেটে ২৯। এরপর দুই পেসার কাসিগো রাবাদা এবং লুঙ্গি এনডিগির বোলিং তোপে ধ্বস। ১০.২ ওভারে ৮৩ রান তুলতেই ৭ উইকেটের পতন। এরপরও দলীয় স্কোর ১৭৬ এ যাওয়ার পেছনের কারিগর জেমস হোল্ডার এবং রোমারিও শেফার্ডের ঝড়ো ব্যাটিং। অষ্টম উইকেটে দু’জনে তোলেন ৮৯ রান। ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৩১ বলে ৪৯ রান করেন হোল্ডার। আর শেফার্ড ৩৭ বলে ৫২ রান তুলতে মেরেছেন ৩টি চার ও ৪টি ছক্কা। ৩০ রানে ৩ উইকেট নেন এনডিগি। ২টি করে উইকেট রাবাদা ও করবিন বসের। রাবাদা ২২ ও করবিন দেন ৩১ রান।

টি-২০তে ১৭৬ মোটেই কম রান নয়। তবে এ রানকে পুঁজি করতে যে বোলিং দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের তা করতে পারেননি তাদের বোলাররা। তাদের ওপর উইলো তাণ্ডব চালিয়ে পৌনে দুইশত রানকে মামুলি রানে পরিণত করেন এইডেন মার্করাম, কুইনটন ডি কক এবং রায়ান রিকেলটন। মার্করামের ক্যাপ্টেনস নকের অপরাজিত ৮২ রানে ছিল ৭টি চার ও ৪ টি ছক্কা। রোস্টন চেজের বলে আউট হওয়ার আগে ডি কক করেছেন ২৪ বলে ৪৭ রান। চারটি করে বাউন্ডারি ও ছক্কা হাঁকিয়েছেন। ২৮ বলে খেলে রিকেলটন ৪৫ রানে অপরাজিত ছিলেন। ছিল চারটি চার ও দু’টি ছক্কা। ম্যাচ সেরা হয়েছেন মার্করাম।