চাঁদাবাজি, টেন্ডারবাজি মামলাবাণিজ্য হতে দেবো না : ব্যারিস্টার রুমিন ফারহানা
Printed Edition
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) )আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটারদের উদ্দেশে বলেছেন, ‘আর কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাটি ভরাট, দোকান দখল ও মামলাবাণিজ্য হতে দেবো না। অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আপনারা ভোট দেবেন। আমি আপনাদের ঘরের মেয়ে আপনাদের প্রার্থী, আমি কোনো দলের না।’ গত মঙ্গলবার বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী গ্রামে এক পথসভায় সাধারণ মানুষের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার রুমিন বলেন, ‘আমি ১৭ বছর শেখ হাসিনার মতো এ ফ্যাসিস্টের সামনে চোখে চোখ রেখে কথা বলেছি। আপনারা আমাকে ভালোবাসেন, আমাকে আপনাদের সন্তানের মতো রেখেছেন। আপনাদেরকে ভয় পেলে চলবে না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনাদের পাশে থাকব।’ তিনি বলেন, এমন সময়ও গেছে যখন বিএনপির কর্মীরা ধানক্ষেতে-বিলে গিয়ে ঘুমাত। তখন নেতারা ফোন অফ করে রাখত। সে সময় আমার বক্তব্য শুনে কর্মীরা সাহস পেত। তখন তারা ভাবত, ‘না আমরা ভেসে আসি নাই’।
এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানার কর্মী-সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজারও নারী-পুরুষ উপস্থিত ছিলেন।