তামিমকে ‘ভারতের দালাল’ বলায় উত্তপ্ত ক্রিকেটাঙ্গন
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
জাতীয় দলের সাবেক অধিনায়ক তারকা ক্রিকেটার তামিম ইকবালকে ‘ভারতের পরীক্ষিত দালাল’ বলেছেন বিসিবি অর্থ পরিচালক এম নাজমুল ইসলাম। মোস্তাফিজুর রহমান ইস্যুতে বিসিবি ভারতের মাঠে টি-২০ বিশ^কাপ না খেলার সিদ্ধান্ত নেয়। তারা আইসিসির কাছে অন্যত্র খেলা আয়োজনের আবেদন করেছে । প্রথমে কোনো উত্তর না পাওয়ায় পরশু ফের ই-মেইল করা হয়েছে আইসিসিতে। এখনো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। এরই মধ্যে গত পরশু সিটি ক্লাবে আয়োজিত জিয়া আন্তঃকলেজ ক্রিকেটের জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিসিবির সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেন বাংলাদেশ দলের সাবেক ওপেনার তামিম। সে মন্তব্যের পর বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তার ফেসবুকে স্ট্যাটাস দেন তামিমের বক্তব্যকে ঘিরে। এতে তিনি লিখেছেন , ‘এই বার আরো একজন ভারতীয় পরীক্ষিত এজেন্টের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুই চোখ ভরে দেখল।’ বিসিবি পরিচালকের এ মন্তব্যের পর ক্ষুব্ধ ক্রিকেটাঙ্গন। ক্রিকেটাররা প্রতিবাদ জানিয়েছেন বিসিবির অর্থ পরিচালকের এ মন্তব্যের। গতকাল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বিবৃতিতে জানিয়েছে, ‘সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্য ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নজরে এসেছে। আমরা এতে স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ।’
কোয়াব বিবৃতিতে আরো জানিয়েছে, ‘বাংলাদেশের ইতিহাসের সফলতম ওপেনার, দেশের হয়ে ১৬ বছর খেলা ক্রিকেটারকে নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়। শুধু তামিমের মতো একজন বলেই নয়, দেশের যেকোনো ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। আমরা এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।’
বিসিবি সভাপতির কাছে প্রতিবাদলিপি পাঠিয়েছে ক্রিকেটারদের এ সংগঠন। উল্লেখ করেছে, ‘একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন, তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও আমাদের প্রশ্ন জাগে। বিসিবি সভাপতির কাছে এর মধ্যেই আমরা প্রতিবাদলিপি পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি। আশা করি, যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নেবেন বিসিবি সভাপতি।’
জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ, মমিনুল হকরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তামিমের পক্ষে অবস্থান নেন। সমালোচনা করেছেন বিসিবি ওই পরিচালকের।।
বিসিবি পরিচালক নাজমুল ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করে পরে তিনি এ পোস্ট সরিয়ে দেন। অবশ্য ততক্ষণে তা ভাইরাল। বাংলাদেশের সাবেক অধিনায়ককে নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন নাজমুল। অবশ্য সে ফটোকার্ডের নিচের অংশে তিনি লিখেছেন, ‘এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত। দয়া করে কেউ এটাকে অন্যভাবে নেবেন না।’
এরই মধ্যে গতকাল আবার মন্তব্য লিখেছেন নাজমুল ইসলাম, ‘মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল যখন ভারতে নিরাপত্তা ঝুঁঁকিতে, ক্রীড়া উপদেষ্টা বিষয়টা আন্দাজ করতে পেরে আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসমূহ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরে বিসিবিকে আইসিসির সাথে আলোচনা করতে বলেছেন। পররাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত সমর্থন করেছেন ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তকে। এমন এক পরিস্থিতিতে দেশের জনগনের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ১৫ হাজার রান করা এক লিজেন্ডারি ক্রিকেটার।’
কী বক্তব্য দিয়েছিলেন তামিম
‘আমি যদি বোর্ডে থাকতাম, তাহলে আমার সিদ্ধান্ত হতো দেশের ভবিষ্যৎ ও সবকিছু চিন্তা করে। হুট করে একটা মন্তব্য করে দেয়া জটিল। তবে এটা মাথায় রাখতে হবে, অনেক সময় আলোচনা করে অনেক কিছু সমাধান করা যায়। বিশ্ব¦ ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কী, বাংলাদেশের ভবিষ্যৎ কী হতে পারে, সবকিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম।’
‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা ‘ইন্ডিপেন্ডেন্ট বডি’ মনে করি। অবশ্যই সরকার এটার অনেক বড় অংশ এবং সরকারের সাথে আলোচনা করতে হবে; কিন্তু তারা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট বডি, তাদেরও নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে হবে এবং তারা যদি মনে করে কোনো সিদ্ধান্ত নেয়া সঠিক, সেটা নিতে হবে। কারণ, লোকের মতামত অনেক রকম থাকবে; কিন্তু সবকিছু সেভাবে চিন্তা করলে এত বড় প্রতিষ্ঠান চালাতে পারবেন না।’
‘আজকের সিদ্ধান্ত আগামী ১০ বছর পর কী প্রভাব ফেলবে, এগুলো সবকিছু চিন্তা করে যে জিনিসটা দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য ভালো, ওই ধরনের সিদ্ধান্ত নেয়া উচিত।’
আবেগের পাশাপাশি ক্রিকেটীয় বাস্তবতা দিয়ে সবকিছু বিবেচনার কথা বলেন তামিম। ‘সবার মতো আমার কাছেও বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ সবকিছুর আগে; কিন্তু আপনার ভবিষ্যৎ, সবকিছু চিন্তা করে আপনি যদি দেখেন, আমাদের ৯০-৯৫ শতাংশ অর্থ কিন্তু আইসিসি থেকেই আসে। সবকিছু বিবেচনা করে যেটায় বাংলাদেশ ক্রিকেটের সহায়তা হবে, সেই সিদ্ধান্ত নিতে হবে।
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আদেশে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স বাদ দেয় চুক্তিবদ্ধ বাংলাদেশী বোলার মোস্তাফিজুর রহমানকে। ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের দাবির পরিপ্রেক্ষিতে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স আর দলে রাখতে পারেনি এ কাটার মাস্টারকে। এর পর বিসিবি সিদ্ধান্ত নেয় ৭ ফেব্রুয়ারি থেকে ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না। তারা ভারতের বদলে সহআয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচের ভেন্যু করতে আইসিসিকে অনুরোধ জানিয়েছে।