আল্লাহর প্রতি কৃতজ্ঞতা সংবাদমাধ্যমকে ধন্যবাদ : নজরুল ইসলাম খান

Printed Edition
3rd-1
বিএনপির সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান : নয়া দিগন্ত

বিশেষ সংবাদদাতা

সদ্য সমাপ্ত নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয়, বিএনপির জন্য একটি ঐতিহাসিক দিন। জনগণ আগামী পাঁচ বছরের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। তিনি বলেন, নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ‘বিজয়ী’ শব্দ ব্যবহার না করলেও বিভিন্ন সূত্রে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিএনপি নিশ্চিত হয়েছে যে তারা দুই-তৃতীয়াংশের বেশি আসনে এগিয়ে রয়েছে।

শুক্রবার ফলাফল ঘোষণা শেষে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। নজরুল ইসলাম খান বলেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, সংবাদমাধ্যমকেও ধন্যবাদ। তার ভাষায়, গণমাধ্যমের দ্বারা দলের কর্মসূচি ও পরিকল্পনা জনগণের কাছে পৌঁছেছে বলেই এ সমর্থন মিলেছে। জোটের শরিক দলগুলোর প্রার্থীরাও উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়ী হয়েছেন।

নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে তিনি বলেন, শতভাগ সন্তুষ্টি সম্ভব না হলেও অতীতের অনেক নির্বাচনের তুলনায় সহিংসতা কম হয়েছে। দীর্ঘদিনের ভোটার অনাগ্রহ পুরোপুরি কাটেনি বলেও উল্লেখ করেন তিনি।

চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল আদালতের নির্দেশনায় ঘোষণা হয়নি উল্লেখ করে তিনি বলেন, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন চূড়ান্ত ফল প্রকাশ করবে। বিভিন্ন অভিযোগের বিষয়ে তিনি বলেন, কেউ অনিয়মের অভিযোগ তুললে তা প্রমাণের দায়িত্ব তারই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই বিপ্লবের শক্তিসহ সবাইকে নিয়ে আপনি (সাংবাদিক) যে ল্যাংগুয়েজে প্রশ্ন করেছেন সেভাবে জাতীয় সরকার গঠনের কোনো কথা বিএনপি বলেনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরাতো ২৯২ আসনে প্রার্থী দিয়েছিলাম। আশা করেছিলাম সবাই জিতবেন। এমন আশা সবাই করেন।

এমনকি যারা দু-তিন শ’ ভোট পান তারাও করেন। তবে আশা করছি আগামী নির্বাচনে বিএনপি আরো বেশি আসন পাবে।