নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসঙ্ঘের

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে জাতিসঙ্ঘ বলেছে, নির্বাচনে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে সব নারী ও মেয়েদের অধিকার, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ এবং সমাজে যারা বেশি বাধা, বৈষম্য বা লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে থাকেন, তাদের অধিকারও অন্তর্ভুক্ত।

গতকাল ঢাকায় জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়কের কার্যালয় থেকে দেয়া বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়েছে, নির্বাচনের আগে নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানি সম্পর্কে বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজ যে উদ্বেগ প্রকাশ করেছে সে ব্যাপারে জাতিসঙ্ঘ সচেতন রয়েছে। সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি এবং ছবি বিকৃত করে অপব্যবহারসহ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরিবর্তিত বা যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্টের ঘটনা বাড়ছে বলে রাজনৈতিক নেতা, কর্মী, সাংবাদিক এবং মানবাধিকার রক্ষাকারীসহ কর্মরত নারীরা জানাচ্ছেন।

বিবৃতিতে বলা হয়, জাতিসঙ্ঘ সব অংশীজনের সাথে ধারাবাহিকভাবে নারীদের অর্থপূর্ণ প্রতিনিধিত্ব ও নেতৃত্ব নিশ্চিত করার পক্ষে কাজ করে আসছে এবং নির্বাচনে নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বাড়াতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা করছে। নারীসহ সবাই যেন ভয়ভীতি, বৈষম্য, অনলাইন নির্যাতন বা প্রতিশোধের আশঙ্কা ছাড়াই প্রার্থী ও ভোটার হিসেবে অংশগ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী প্রক্রিয়ায় নারীর প্রতি যেন কোনো ধরনের হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি দেখানো না হয় সেজন্য জাতিসঙ্ঘ সব অংশীদার, বিশেষ করে রাজনৈতিক নেতা, তাদের দল ও সমর্থকদের আহ্বান জানাচ্ছে। এটি নারী প্রার্থী ও ভোটারদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য, যাদের অংশগ্রহণ ও নিরাপত্তা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অপরিহার্য।

জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়কের কার্যালয় বলেছে, আমরা বিশ্বাস করি কর্তৃপক্ষ নিরাপত্তা, আইনের শাসন এবং প্রতিটি ব্যক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য পদক্ষেপ অব্যাহত রাখবে। সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে জাতিসঙ্ঘ সবসময় সরকারের পাশে থেকে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।