সরাসরি সিলেটে নামবেন হামজা

ক্রীড়া প্রতিবেদক
Printed Edition
khela-1
হামজা চৌধুরী

বাংলাদেশ জাতীয় ফুটবল দল যখন সৌদি আরবে অনুশীলনে ব্যস্ত তখন বাফুফে কর্মকর্তারা ব্যস্ত হামজা চৌধুরীকে বরণ করতে। আগামীকাল দুপুর পৌনে ১২টায় লন্ডন থেকে সরাসরি সিলেটে আসবেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। এরপর সেখান থেকে চলে যাবেন হবিগঞ্জে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রহণ করার জন্য যাবেন বাফুফের চার কর্মকর্তা গোলাম গাউস, ইকবাল হোসেন, কামরুল ইসলাম হিলটন ও সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। এরপর শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার ১৮ মার্চ রাতে বা ১৯ তারিখ সকালে ঢাকায় আসবেন। ১৯ তারিখেই বাফুফে তাকে দিয়ে সংবাদ সম্মেলন করাবে। এরপর বাংলাদেশ দলের সাথে অনুশীলন করবেন। জানান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। উল্লেখ্য, ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের জন্যই বাংলাদেশে আসা ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলারের। বাংলাদেশ জাতীয় দলে এই মুহূর্তে চার প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া, তারিক কাজী, সৈয়দ শাহ কাজেম কিরমানী ও ফাহামিদুল ইসলাম থাকলেও হামজার মতো হাই প্রোফাইলের কেউ আসেনি। তাই সবারই আগ্রহ এই ব্রিটিশ বংশোদ্ভূত মিডফিল্ডারকে ঘিরে।

আজ তিনি মাঠে নামবেন শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে। এরপর বাংলাদেশে আসা বিমানে উঠবেন। হামজার মূল বাংলাদেশে। এসেছেন আগেও। তবে তার এবারের আসাটা সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবেন ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বে। তাই লাল-সবুজ জার্সিতে তার অভিষেক দেখার জন্য সাথে আসছেন পরিবারের সদস্যরাও। হামজার সাথে আসবেন তার মা, স্ত্রী, তিন সন্তান ও দুই ভাই। হামজারই ইচ্ছে তার পরিবারের সদস্যরা যেন তার খেলা দেখে মাঠে বসে। এর আগে হামজার বাবা বাংলাদেশ ঘুরে গেছেন ছেলের সফরের সব সুযোগ সুবিধার খোঁজ নেয়ার জন্য।

বাংলাদেশ দল ২০ মার্চ ভারত যাবে। তা কোচ হাভিয়ার কাবরেরার ইচ্ছে অনুযায়ীই। তাই ঢাকায় এক দিন থেকেই ভারতের উদ্দেশে রওনা হবেন তিনি। আগে শোনা গিয়েছিল হামজা সাথে করে তার ফিজিও নিয়ে আসবেন। তবে সে তথ্য সঠিক নয়। বাফুফে অবশ্য তেমন কোনো বাড়তি আয়োজন করতে পারছে না হামজার জন্য। কারণ তিনি সরসরি ঢাকায় না এসে সিলেটে অবতরণ করবেন।

এ দিকে হামজার আগমনে তাকে স্বাগত জানাতে নিজ জেলা হবিগঞ্জের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। সেখানে ব্যাপক প্রস্তুতি। অন্য দিকে দেশের ফুটবলেও এখন হামজা উন্মাদনা। তার অন্তর্ভুক্তি যে দেশের ফুটবলকে অন্য উচ্চতায় নিয়ে যাবে তা মনে করছেন বাংলাদেশ দলের সাবেক কৃতী ফুটবলার ও সাবেক বাফুফে কর্মকর্তা আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। একই কথা সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলিরও।

হামজাকে নিয়ে গড়া কাবরেরা বাহিনী যদি প্রথম ম্যাচেই ভারতকে হারাতে পারে তাহলে এশিয়ান কাপ বাছাই পর্বে এগিয়ে যাবে বাংলাদেশ। এখন দেখার অপেক্ষা তার সাথে স্থানীয় অন্যরা বা হামজা নিজে কতটা মানিয়ে নিতে পারেন।