কুষ্টিয়ায় ৬ হত্যা

ইনুর পুনঃতদন্তের আবেদন খারিজ ট্রাইব্যুনালের

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পুনঃতদন্তের আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো: মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন আদালতে ইনুর আবেদনের পে শুনানি করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। গত বুধবার এই মামলার পুনঃতদন্ত চেয়ে একটি আবেদন দাখিল করা হয়েছিল, যার ওপর ভিত্তি করে গতকাল বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠিত হয়। মামলার আরেক আইনজীবী সিফাত মাহমুদ শুভ জানান, মূলত ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার নিরপেতা নিয়ে সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যমে বিভিন্ন খবর প্রকাশিত হওয়ায় বিচারপ্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হতে পারে এমন আশঙ্কায় তারা পুনঃতদন্ত চেয়েছিলেন।

গত ১০ মার্চ হাসানুল হক ইনু নিজের আইনজীবীর মাধ্যমে ৬৪ পৃষ্ঠার একটি লিখিত ব্যাখ্যা সাফাই স্যা হিসেবে জমা দিয়েছিলেন। তবে তাকে মৌখিক সা্েযর সুযোগ দেয়া হয়নি বলে আইনজীবীরা অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার মামলাটির যুক্তিতর্কের জন্য দিন ধার্য ছিল, কিন্তু পুনঃতদন্তের আবেদনটি আদালত নাকচ করে দেয়ায় মামলার বিচারিক কার্যক্রম আগের নিয়মেই অব্যাহত থাকছে।

হাছান মাহমুদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

এদিকে চব্বিশের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।

গতকাল বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেয়া হয়। তবে এখনো সবার নাম প্রকাশ করা হয়নি। চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন তদন্ত কর্মকর্তারা। প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে আমরা ট্রাইব্যুনালে দাখিল করব।