জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার শফিউল ইসলামের মা আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মায়ের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন শফিউল নিজেই।
ফেসবুক বার্তায় শফিউল লিখেছেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমার পরম শ্রদ্ধেয় মা আজ সকাল ৮: ৩০ মিনিটে আমাদের সবাইকে ছেড়ে পরপারের উদ্দেশে যাত্রা করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’
মায়ের জন্য দোয়া চেয়ে এই পেসার আরো লেখেন, ‘মহান আল্লাহ তায়ালা যেন আমার আম্মাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং তার সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে দেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এবং কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
শফিউল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু সাবেক পেসার রুবেল হোসেন।
ফেসবুকে শোক জানিয়ে রুবেল লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, আমার বন্ধু শফিউল ইসলাম সুহাসের আম্মা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সংবাদটা শুনে সত্যিই হৃদয়টা ভারী হয়ে গেছে। আল্লাহ তায়ালা মরহুমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসীব করুন।’
উল্লেখ্য, ২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শফিউল ইসলামের। একই বছর টেস্ট ও টি-টোয়েন্টি ক্যাপও মাথায় তোলেন তিনি। বাংলাদেশের জার্সিতে ১১ টেস্ট, ৬০ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
২০২০ সালে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলা ৩৬ বছর বয়সী এই পেসার চলতি বছরের জানুয়ারিতে সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটকে বিদায় জানান।