কুষ্টিয়া ও নেত্রকোনায় ৩ জন নিহত

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ায় দু’জন ও নেত্রকোনায় একজন নিহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পিকআপের চালকসহ অন্তত তিনজন। দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নড়াইল সদর উপজেলার বাঙালিপাড়া এলাকার আব্দুল হকের ছেলে সিফায়েত (৩৫) ও সাধুখালী এলাকার বিমলের ছেলে বিকাশ (৪৫)। কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, সকালে ঘোড়া বহনকারী একটি পিকআপভ্যান নড়াইলের দিকে যাওয়ার পথে বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিফায়েত এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাশের মৃত্যু হয়। দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা যায়। এ ঘটনায় দুর্ঘটনায় আহত পিকআপের চালক নাজমুল (৩৭) এবং দুই আরোহী তামিম (১৪) ও জিয়াকে (৪৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্লাবন তালুকদার (১৮) নামে এক কিশোর নিহত এবং জিসান (১৬), হৃদয় (১৭) ও মোস্তাকিমসহ পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকালে উপজেলার পোগলা ইউনিয়নের গুতুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গুতুরা বাজার এলাকায় দুই দিক থেকে ছুটে আসা দু’টি বেপরোয়াগামী মোটরসাইকেল সেখানে মুখোমুখি সংঘর্ষে ছিটকে রাস্তার ওপর পড়ে উভয় মোটরসাইকেলের একাধিক আরোহী গুরুতরভাবে আহত হয়ে কাতরাতে থাকেন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি ঘটলে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে প্লাবন তালুকদারের মৃত্যু হয়।