রূপগঞ্জে মন্দিরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ
Printed Edition
কাঞ্চন শিল্পাঞ্চল (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার মধ্যরাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট পশ্চিম মনিপাড়া শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে ঘটে এ ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মন্দিরের সভাপতি কালিপদ চন্দ্র দাস জানান, রাত পৌনে ১২টার দিকে আট থেকে ১০ জন দুর্বৃত্ত পূর্ব পরিকল্পনা অনুযায়ী লোহার পাইপ, লাঠিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মন্দিরে প্রবেশ করে মন্দিরে থাকা সরস্বতী প্রতিমা, চেয়ার, পাতিল, বৈদ্যুতিক তার, লাইটসহ অন্যান্য মালামাল ভাঙচুর করে। সময় হামলাকারীরা সরস্বতী প্রতিমার গায়ে থাকা দুই ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে মন্দিরে অগ্নিসংযোগ করে।
এ সময় আশপাশের মানুষ ভাঙচুর এবং অগ্নিসংযোগের শব্দ শুনে এগিয়ে আসলে দুর্বৃত্তরা দৌড়ে পালায়। তিনি জানান, মন্দিরের জমি নিয়ে পার্শ্ববর্তী সিংলাব এলাকার জাকির হোসেন নামের এক প্রভাবশালীর সাথে তাদের দীর্ঘদিন ধরে বিজ্ঞ নারায়ণগঞ্জ আদালতে মামলা রয়েছে। এর আগে, মন্দিরে হামলা ভাঙচুর এবং ভয়-ভীতির হুমকি দিয়েছিলেন জাকির হোসেন।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জমি নিয়ে বিরুদ্ধকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।