কাউখালীর দুই সরকারি বিদ্যালয়ে শিক্ষক সঙ্কট ব্যাহত পাঠদান
Printed Edition
রিয়াদ মাহমুদ সিকদার কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীর দুই শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান, কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় ও কাউখালী সরকারি এসবি বালিকা উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সঙ্কট দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে অধিকাংশ পদ শূন্য থাকায় পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বালক বিদ্যালয়ে অনুমোদিত ১৭টি পদের মধ্যে মাত্র ৬ জন শিক্ষক কর্মরত রয়েছেন। প্রধান শিক্ষকসহ গুরুত্বপূর্ণ বিষয়ে মোট ১১টি পদ শূন্য রয়েছে। ইংরেজি, গণিত ও বাংলার মতো মৌলিক বিষয়ে শিক্ষক না থাকায় শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। এ ছাড়া অফিস সহকারীসহ চারটি চতুর্থ শ্রেণীর পদও দীর্ঘদিন ধরে শূন্য। বর্তমানে বিদ্যালয়ে প্রায় ৩১৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রহমান জানান, শিক্ষক সঙ্কটের কারণে প্রশাসনিক কাজ সামলে প্রতিদিন একাধিক ক্লাস নিতে হচ্ছে। তিনি বলেন, ‘কোনো মতে জোড়াতালি দিয়ে ক্লাস চালানো হচ্ছে। বিষয়টি বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কার্যকর সমাধান হয়নি।’
একই অবস্থা বিরাজ করছে কাউখালী সরকারি এসবি বালিকা উচ্চ বিদ্যালয়েও। এখানে ১৭টি পদের বিপরীতে মাত্র ৭ জন শিক্ষক রয়েছেন। প্রধান শিক্ষকসহ ১০টি পদ শূন্য। গণিত, জীববিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক না থাকায় পাঠদান মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৪৫৬ জন ছাত্রী রয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতার হোসেন হাওলাদার বলেন, ‘শিক্ষক সঙ্কটের কারণে সীমিত জনবল দিয়ে কষ্টে ক্লাস চালাতে হচ্ছে। প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি প্রতিদিন একাধিক ক্লাস নিতে হচ্ছে।’
শিক্ষার্থীরা জানান, নিয়মিত ক্লাস না হওয়ায় নির্ধারিত সিলেবাস শেষ করা নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন। অনেক বিষয়েই মৌলিক পাঠ থেকে বঞ্চিত হচ্ছেন তারা, ফলে বাধ্য হয়ে কোচিং বা প্রাইভেটের ওপর নির্ভর করতে হচ্ছে।
অভিভাবকদের অভিযোগ, সরকারি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও মানসম্মত শিক্ষা নিশ্চিত হচ্ছে না। দ্রুত শিক্ষক নিয়োগ বা বদলির মাধ্যমে শূন্য পদ পূরণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানান, শিক্ষক সঙ্কটের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।