জিতলেই কিউইদের সুপার এইট
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
কানাডাকে হারিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে চলতি টি-২০ বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করতে চায় নিউজিল্যান্ড। আজ চেন্নাইয়ে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কানাডার মুখোমুখি হবে ব্ল্যাক-ক্যাপসরা। অন্য দিকে নিউজিল্যান্ডকে হারিয়ে অঘটনের জন্ম দিয়ে এবারের বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ নেয়াই কানাডার মূল লক্ষ্য। টি-২০ ক্রিকেটে প্রথমবার দেখা হচ্ছে দু’দলের।
আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে নিউজিল্যান্ড। পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১০ উইকেটের হারিয়ে সুপার এইটের পথে এগিয়ে নিউজিল্যান্ড। অবশ্য তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হার। ৭ উইকেটে ১৭৫ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করামের ৪৪ বলে অনবদ্য ৮৬ রানে বিশ্বকাপে প্রথম হারের স্বাদ পায় কিউইরা। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কানাডার বিপক্ষে জয় পেলেই সুপার এইটের টিকিট পাবে নিউজিল্যান্ড। এতে সুপার এইটে খেলার স্বপ্ন ধূলিসাৎ হবে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডার। ৩ ম্যাচে সমান ২ পয়েন্ট আছে আফগানিস্তান ও আরব আমিরাতের। ২ ম্যাচ খেলে পয়েন্টহীন কানাডা। প্রথম দুই ম্যাচে যথাক্রমে দক্ষিণ আফ্রিকার কাছে ৫৭ রানে ও আমিরাতের কাছে ৫ উইকেটে হারে কানাডা। কানাডার বিপক্ষে ম্যাচ নিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, ‘সুপার এইটে খেলার জন্য আমাদের সামনে সহজ সমীকরণ- কানাডাকে হারানো। জয়ের লক্ষ্যেই মাঠে নামব। তাদের বিপক্ষে আমাদের ধারাটা হবে আক্রমণাত্মক।’ নিজেদের শেষ দুই ম্যাচ জিতলে এবং নিউজিল্যান্ড-আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত নিজ নিজ খেলায় হারলে কানাডার পয়েন্ট হবে ৪। তখন সুপার এইটের জন্য নিউজিল্যান্ডের সাথে রান রেটের হিসাব-নিকাশ করতে হবে কানাডাকে।