ইরানযুদ্ধের সুযোগে লাভবান রাশিয়া
Printed Edition
আলজাজিরা
মধ্যপ্রাচ্যে চলমান ইরানযুদ্ধের অপ্রত্যাশিত সুবিধাভোগীদের মধ্যে অন্যতম হয়ে উঠেছে রাশিয়া। সঙ্ঘাতের কারণে তেল সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে এবং বিকল্প উৎসের খোঁজে ছুটছে ক্রেতারা। এই পরিস্থিতিতে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন সস্তায় পাওয়া রুশ তেল আবারো মূল্যবান হয়ে উঠেছে।
ইরান যুদ্ধের আগে রাশিয়ার অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে বড় ছাড়ে বিক্রি হচ্ছিল। ইউক্রেন যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও মিত্ররা মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করায় রাশিয়াকে কম দামে তেল বিক্রি করতে বাধ্য হতে হয়। তবে পারস্য উপসাগরে উত্তেজনা এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে তেলবাজারে চাপ তৈরি হওয়ায় পরিস্থিতি বদলে গেছে। বর্তমানে ভারতের কাছে রুশ তেল আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের তুলনায় প্রতি ব্যারেলে চার থেকে পাঁচ ডলার বেশি দামে বিক্রি হচ্ছে। এতে বোঝা যায়, বৈশ্বিক তেলবাজারের কাঠামো কত দ্রুত পরিবর্তিত হচ্ছে। যুক্তরাষ্ট্রও তেলের বাজার স্থিতিশীল রাখতে ভারতকে বিশেষ ছাড় দিয়েছে, যাতে সমুদ্রে আটকে থাকা বিপুল পরিমাণ রুশ তেল কেনা যায়।
মার্কিন কর্মকর্তারা বলছেন, এসব পদক্ষেপ সাময়িক এবং সীমিত পরিসরে নেয়া হয়েছে। অন্যদিকে রাশিয়া এশীয় বাজারে সরবরাহ বাড়াতে প্রস্তুত বলে জানিয়েছে। উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বলেছেন, রুশ তেলের চাহিদা রয়েছে এবং ক্রেতারা চাইলে তারা অবশ্যই সরবরাহ করবে। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ বৈশ্বিক তেলবাণিজ্যের সমীকরণ বদলে দিয়েছে। রাশিয়া নতুন করে বাজারে শক্ত অবস্থান তৈরি করছে, এমন এক সময়ে যখন পশ্চিমা নিষেধাজ্ঞা তাদের জ্বালানি আয়ে চাপ সৃষ্টি করছিল।