সংসদে আইনমন্ত্রী

২৩ হাজার ৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বিগত ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক নেতাদের নামে দায়ের করা হয়রানিমূলক মামলার জট কমাতে উদ্যোগ নিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান জানিয়েছেন, ইতোমধ্যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। যেসব হয়রানিমূলক মামলা এখনো প্রত্যাহার হয়নি, সেগুলো প্রত্যাহার করার কার্যক্রম চলমান রয়েছে।

গতকাল জাতীয় সংসদে মো: আবদুল মান্নানের এক প্রশ্নের লিখিত জবাবে আইনমন্ত্রী সম্পর্কে এ তথ্য জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

আইনমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা করা হয়, তার পরিসংখ্যান সরকারিভাবে সংরক্ষণ করা হয় না। শুধু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মোট কতটি মামলা করা হয়েছিল সে সম্পর্কেও সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য নাই।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর গত ৫ মার্চ রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের সুপারিশ করার লক্ষ্যে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন করে। মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফাইড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে, জনস্বার্থে মামলা চালানোর প্রয়োজনীয়তা নেই এবং মামলা চালালে রাষ্ট্রের ক্ষতি হবে মর্মে পরিলক্ষিত হলে ওই কমিটি মামলা প্রত্যাহারের জন্য সরকারের নিকট সুপারিশ করবে।