বরিশালে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু

Printed Edition

বরিশাল ব্যুরো

উৎসবমুখর পরিবেশে বরিশালে শুরু হয়েছে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে গতকাল নগরীর বেলস পার্ক মাঠে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। এর পর থেকেই দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, বই হলো মানুষের সেরা বন্ধু, যা কখনো প্রতারণা করে না। সন্তানকে একটি ভালো বই কিনে দেয়া মানে তাকে একটি ভালো বন্ধু উপহার দেয়া। ভালো বই আমাদের জন্য হতে পারে জীবনের পথপ্রদর্শক।

তিনি আরো বলেন, বই পড়ার মাধ্যমে আমরা নতুন তথ্য, ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করি। বই মানুষের মানসিক বিকাশ ঘটায় এবং কল্পনাশক্তি বাড়াতে সহায়তা করে। এ সময় তিনি শিক্ষার্থীদের অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার প্রতি উৎসাহিত করেন।