হাম ও উপসর্গে আরো ৩ জনের মৃত্যু

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন ঢাকা বিভাগে এবং অন্যজন চট্টগ্রাম বিভাগে মারা গেছে। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে চলতি বছর দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু এক হাজার ২২ জনে পৌঁছেছে।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট ৯৬৮ জন। এর মধ্যে ৯০৫ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ২২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১০০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯২২ জন।

একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট এক লাখ ৭১ হাজার ৫৪৩ জনের। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২০ হাজার ৬৯ জন। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ পাঁচ হাজার ১২৬ জন।

তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৫১ হাজার ২৪ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ৪৫ হাজার ২৫২ জন।