দেশের জন্য একত্রে কাজ করার বিষয়ে আলোচনা করেছি : আখতার হোসেন

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজনৈতিক মতভিন্নতা থাকলেও দেশের স্বার্থে একসাথে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, রাজনৈতিক সৌজন্যের অংশ হিসেবেই তারেক রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন।

গত রোববার রাতে রাজধানীতে নাহিদ ইসলামের বাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আখতার হোসেন।

তিনি বলেন, “তারেক রহমান রাজনৈতিক সৌজন্যের জায়গা থেকে নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। এই রাজনৈতিক সৌজন্যতা এবং তার জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই। মতভিন্নতা থাকলেও কিভাবে রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে দেশের জন্য একত্রে কাজ করা যায়, সে বিষয়েই আমরা কথা বলেছি।

তিনি আরো বলেন, দেশের সংস্কার প্রশ্ন ও বিচার প্রক্রিয়া নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। “বাংলাদেশের সংস্কারের যে প্রশ্ন, সেটি কিভাবে সুরাহা করা যায় এবং বিচারের বিষয়গুলো কিভাবে এগিয়ে নেয়া যায়, সে বিষয়ে আমরা গঠনমূলক মতবিনিময় করেছি।

এনসিপির এই নেতা মনে করেন, নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপি ও এনসিপির শীর্ষ নেতৃত্বের এ সৌজন্য সাক্ষাৎ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের ইঙ্গিত দেয়। তার ভাষ্য, আমরা চাই, রাজনৈতিক কর্মসূচি ও বক্তব্য আলাদা থাকলেও দেশের প্রশ্নে সব রাজনৈতিক দল একত্র হয়ে সিদ্ধান্ত নিতে পারুক।