১৯৬ আসনে জাপার চূড়ান্ত প্রার্থী ঘোষণা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৯৬টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে জাতীয় পার্টি (জাপা)। এ ছাড়া আরো দু’জন প্রার্থী পেন্ডিং আছে, সেক্ষেত্রে ১৯৮ আসনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে দলটির। তবে, তাদের কাছ থেকে পাওয়া তালিকায় ১৯৫ জনের নাম পাওয়া গেছে।

গতকাল রাজধানীর গ্র্যান্ড প্যালেস হোটেলের ব্যানকুয়েট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, দলের শীর্ষ নেতৃারা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী জাপা চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ আসন থেকে নির্বাচন করবেন। আর দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ ও ২ আসন থেকে নির্বাচন করছেন।

এ সময় নেতারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জাতীয় পার্টি একটি দায়িত্বশীল ও গণমুখী নির্বাচনী। প্রস্তুতি গ্রহণ করেছে। ঘোষিত প্রার্থীরা জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, আমাদের দেশে ওনারা (অন্তর্বর্তী সরকার) স্বৈরাচার বন্ধ করার নামে সংবিধানে যে সংশোধনীগুলো করেছেন, সেখানে চিফ এক্সিকিউটিভ বা যারা প্রধান নির্বাহী বা প্রাইম মিনিস্টার তাকে কোনো রকম ক্ষমতাই দেয়া হয়নি। তার হাত পা চার পাশে বেঁধে দেয়া হয়েছে। আপনি স্বৈরাচার বন্ধ করবেন; কিন্তু তা করতে গিয়ে দেশ চালাবে কিভাবে? একটা দেশ চালাতে কাউকে যখন আপনি দায়িত্ব দেবেন তাকে ক্ষমতাও দিতে হবে। ক্ষমতা যদি না দেন সে কোনোদিন দায়িত্ব পালন করতে পারবেন না।

জিএম কাদের আসন্ন গণভোটে ‘না’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, এই গণভোট সংবিধানবিরোধী, অবাস্তব। এটা বাস্তবায়িত হলে দেশ অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে।