ইউএনডিপি-গ্রামীণফোনের ‘ফিউচারনেশন’ কর্মসূচিতে যুক্ত হলো ইউআইটিএস
Printed Edition
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ইউএনডিপি-গ্রামীণফোনের ‘ফিউচারনেশন’ কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। এ উপলক্ষে গতকাল ইউআইটিএসের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে একটি পরিচিতিমূলক অনুষ্ঠান হয়।
ফিউচারনেশন হলো জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং গ্রামীণফোনের যৌথ উদ্যোগ। এই কর্মসূচির লক্ষ্য শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণ গ্র্যাজুয়েটদের ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা। কর্মসূচির আওতায় সারা দেশের ৭৫টি বিশ্ববিদ্যালয়ের এক হাজার ৫০০ জন শিক্ষার্থী ও শিক্ষক এক বছরের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনলাইন কোর্সে অংশগ্রহণের সুযোগ পাবেন।
কোর্সগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, বিজনেস ও সোশ্যাল ইংলিশ, ডিজিটাল স্কিল, ফ্রিল্যান্সিং, এমপ্লয়েবিলিটি মাস্টারক্লাস, উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সহায়তামূলক কার্যক্রমও রয়েছে।
অনুষ্ঠানে ফিউচারনেশনের ট্রেনিং কো-অর্ডিনেশন অফিসার খন্দকার আবির হোসেন নূর এবং ভলেন্টিয়ার ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট বিবেকানন্দ দাস কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। এতে উপস্থিত ছিলেন ইউআইটিসের উপাচার্য অধ্যাপক ড. মো: আবু হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকরা। এই সহযোগিতার মাধ্যমে ইউআইটিএস যুগোপযোগী শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিজ্ঞপ্তি।