গণভোট সম্পর্কে জানে না কলাপাড়া গ্রামের ভোটাররা

Printed Edition

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটকে সামনে রেখে সরকারি প্রচার-প্রচারণা শুরু হলেও পটুয়াখালীর কলাপাড়ার গ্রামাঞ্চলে এর তেমন কোনো প্রভাব দেখা যাচ্ছে না। ফলে উপজেলার অধিকাংশ ভোটার এখনো জানেন না গণভোট কী, কেন এটি হচ্ছে কিংবা কোন প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে হবে।

উপজেলার বিভিন্ন গ্রাম, চর ও বস্তি এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, সংসদ নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ থাকলেও গণভোট বিষয়টি তাদের কাছে পুরোপুরি অস্পষ্ট। অনেকেই জানেন না যে ভোটকেন্দ্রে সংসদ নির্বাচনের ব্যালটের পাশাপাশি গণভোটের জন্য আলাদা মতামত দিতে হবে। প্রার্থীদের প্রচারণা চোখে পড়লেও গণভোট বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের।

ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের ভোটার শহিদুল ইসলাম বলেন, ভোট হবে জানি; কিন্তু গণভোট কী, তা কেউ বুঝিয়ে বলেনি। আলাদা ব্যালট থাকবে কি না, সেটাও জানি না। একই গ্রামের গৃহবধূ মোসাম্মৎ রাশেদা বেগম বলেন, আমরা সাধারণত মার্কা দেখে ভোট দিই। গণভোট যদি আলাদা হয়, আগে জানানো না হলে ভুল হয়ে যেতে পারে। বেতকাটা চরের দিনমজুর শফিকুল ইসলাম জানান, নির্বাচনের কথা মাইকে শোনা গেলেও গণভোটের বিষয়ে কোনো প্রচার শোনা যায় না। কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন মিয়া বলেন, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে প্রচারণা জোরদার করা হচ্ছে। আশা করা হচ্ছে, নির্বাচনের আগেই ভোটাররা গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন।