অনেক বাধা পেরিয়ে রিহ্যাব নির্বাচন আজ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
অনেক বাধা পেরিয়ে আজ হচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০২৬-২৮ সেশনের নির্বাচন। এর আগে নির্বাচন কমিশনের কিছু অদ্ভুত ও নজিরবিহীন শর্তের কারণে নির্বাচনটি ভণ্ডুল হয়ে যাওয়ার শেষ সীমায় পৌঁছে গিয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল নির্বাচন আজ শনিবার হলেও ফলাফল ঘোষণা করা হবে একমাস পর। এ ছাড়া নির্বাচনে কোনো প্রার্থীর নির্বাচনী এজেন্ট থাকতে পারবে না, সিসি ক্যামেরা থাকবে না। ভোট ম্যানুয়ালি হলেও গণনা হবে ইলেকট্রনিকেলি (ডিজিটালি)।
উল্লেখ্য, রিহ্যাবের মোট সদস্য প্রায় এক হাজার ৮০০ হলে এবার ভোটার হয়েছে ৬৭৪ জন। এর মধ্যে ঢাকায় ৬১৩ জন এবং চট্টগ্রামে ৬১ জন। এই ভোটগুলো গুণতে রিহ্যাবের নির্বাচন ইলেকট্রনিক মেশিন ব্যবহার করতে চেয়েছিল। রিহ্যাবের বর্তমান প্রেসিডেন্ট এবং এবার নির্বাচনে প্রেসিডেন্ট (প্রার্থী) মো: ওয়াহিদুজ্জামান ছাড়া বাকি তিনজন প্রেসিডেন্ট প্রার্থী সংবাদ সম্মেলন করে তা নাকচ করে দিয়েছেন।
আবার গত বৃহস্পতিবার এ ব্যাপারে উচ্চ আদালতের একটি নির্দেশনাও এসেছে। শেষ পর্যন্ত তিন সদস্যের নির্বাচন পরিচালনা বোর্ড উচ্চ আদালতের নির্দেশনা এবং প্রার্থীদের দাবি মেনে নিয়েছেন। ফলে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি উৎসবমুখর রিহ্যাব নির্বাচন। এর আগে স্বৈরাচার হাসিনা সরকারের আমলে শেষ নির্বাচনটি হয়েছিল যাতে মো: ওয়াহিদুজ্জামান প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। ওই নির্বাচনে একটি ঘরানার লোকজন ছাড়া অন্যরা প্রার্থী হননি অথবা হতে পারেননি। এবার সব ঘরানার লোকজন নির্বাচনে অংশ নিয়েছেন।
আজকের নির্বাচনে মো: ওয়াহিদুজ্জামান ছাড়াও অন্য প্রেসিডেন্ট প্রার্থীরা হলেন- ক্যাপিটাল ডেভেলাপমেন্টের এমডি মো: মোকাররম হোসেন খান, গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের চেয়ারম্যান ড. আলী আফজাল এবং নগর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের এমডি ও সিইও মো: আবুল খায়ের সেলিম। মো: ওয়াহিদুজ্জামান জাপান গার্ডেন সিটির এমডি।