তজুমদ্দিনে জেলেদের মৎস্য আহরণের উপকরণ প্রদান

Printed Edition

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা

উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের আয়োজনে ভোলার তজুমদ্দিনে ২০২৫-২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ আহরণকারী জেলেদের মধ্যে বৈধ জাল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলামের সভাপতিত্বে জাল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন মৎস্যসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক নাসির উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, প্রেস ক্লাবের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) সাইদুল হক মুরাদ, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন লিটন, সাবেক সভাপতি রফিক সাদী প্রমুখ।

অনুষ্ঠানে মডেল মৎস্য গ্রাম উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাওলানাকান্দি গ্রামে ১৫০ জন জেলের মাঝে জাল, প্লুট, রশি, পোড়ামাটির চাকা (সিনকার) বিতরণ করা হয়। এতে প্রতি তিনজন জেলের একটি গ্রুপকে দেয়া হয় এক হাজার ৬৮০ ফুট জাল, তিন হাজার ৩৬০ ফুট রশি, প্লুট ৮০টি ও ৮০টি পোড়ামাটির চাকা (সিনকার)। পুরো প্রক্রিয়াটি মৎস্য অধিদফতর ইজিপি টেন্ডারের মাধ্যমে সম্পন্ন করেন। টেন্ডারটি পান রূপগঞ্জ সাইন্টিফিক নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতি গ্রুপের মূল্য নির্ধারণ করা হয় ৪৩ হাজার টাকা। ৫০টি গ্রুপে ২১ লাখ ৫০ হাজার টাকার মৎস্য আহরণের উপকরণ বিবরণ করা হয়।