শ্রীবরদীতে বন্যহাতির আক্রমণে নিহত ১

Printed Edition

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা

গারো পাহাড়ে লাকড়ি কুড়াতে গিয়ে শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে আহমেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের পাহাড় ঘেঁষা ছোট বালিজুড়ি গ্রামের পাহাড়ি টিলায় এ ঘটনা ঘটে। নিহত আহমেদ আলী মালাকোচা গ্রামের মৃত কানাই শেখের ছেলে।

বন বিভাগ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েক দিন যাবত হাতির একটি দল পাহাড়ে অবস্থান নিয়েছে। লাকড়ি কুড়াতে বালিজুরী গ্রাম সংলগ্ন পাহাড়ের ভিতরে যায় আহমেদ আলীসহ আরো দুই-তিনজন। লাকড়ি কুড়ানোর একপর্যায়ে হাতির আক্রমণের শিকার হয় আহমদ আলী। হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধ কৃষক গুরুতর আহত হন। এ সময় অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।