অবৈধ পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে শ্রমিক নিহত

Printed Edition
bangla-12
অবৈধ পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে শ্রমিক নিহত

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি ধসে নুরুল আমিন (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাত ৪টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে ওই এলাকায় হেলাল নামের এক ব্যক্তির নিয়ন্ত্রণে পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছিল। রাত ও ভোরের অন্ধকারে প্রকাশ্যেই চলছিল এই অবৈধ কার্যক্রম। জীবিকার তাগিদে নুরুল আমিন ঝুঁকিপূর্ণ এই কাজে যুক্ত হন। ভোরের দিকে পাহাড়ের একটি বড় অংশ হঠাৎ ধসে পড়লে তিনি মাটিচাপা পড়েন। ঘটনাস্থলে থাকা অন্য শ্রমিকরা আতঙ্কে সরে গেলেও পরে স্থানীয় লোকজন উদ্ধার কাজে অংশ নেন। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে তাকে মাটি থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। নিহত নুরুল আমিন মির আহমদের ছেলে। তার বাড়ি চরপাড়ায় হলেও বর্তমানে তিনি জুম্মাপাড়ায় বসবাস করতেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়েছে। এ ঘটনায় ফের উখিয়া ও টেকনাফের অবৈধ পাহাড় কাটার চিত্র সামনে এসেছে। পরিবেশবিদদের মতে, পাহাড় কাটা ভূমিধসের ঝুঁকি বাড়াচ্ছে, বন উজাড় ও জীববৈচিত্র্য ধ্বংস করছে। বর্ষা মৌসুমে এসব কাটা পাহাড় মৃত্যুফাঁদে পরিণত হয়। উখিয়া থানার ওসি নুর আহমদ বলেন, লাশ সুরতহাল শেষে ব্যবস্থা নেয়া হবে। অবৈধ পাহাড় কাটার সাথে জড়িতদের শনাক্ত করে পরিবেশ সংরক্ষণ আইনসহ প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।