বক্তব্যের সময় কুষ্টিয়া জামায়াত আমিরের ইন্তেকাল
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। গতকাল সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটে কুষ্টিয়ায় একটি দলীয় প্রোগ্রামে বক্তব্য দেয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা আজ মঙ্গলবার সকাল ৯টায় কুষ্টিয়ার হাউজিং ডি-ব্লক এলাকার চান্দা গাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর ফুটবল মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে মিরপুর ওয়াপদা কবরস্থানে দাফন করা হবে।
আমিরে জামায়াতের শোক : অধ্যাপক মাওলানা আবুল হাশেমের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। সোমবার এক শোকবাণীতে তিনি বলেন, “অধ্যাপক আবুল হাশেম ছিলেন একজন সাদা মনের মানুষ। ছাত্রজীবন থেকেই তিনি ইসলামী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং কুষ্টিয়ায় আন্দোলনের ভিত্তি মজবুত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। তার মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ দাঈকে হারালাম।”
শোকবাণীতে ডা: শফিকুর রহমান মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।