হজ টিমের সদস্যদের ধর্মমন্ত্রী
দায়িত্বে অবহেলা করলে ফিরতি ফ্লাইটে ফেরত পাঠানো হবে
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
হাজীদের সাথে এ-দিক সে-দিক করলে তার কোনো ক্ষমা নেই মন্তব্য করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, হাজীদের সেবার দায়িত্বে থাকা সরকারি টিমের সদস্যরা দায়িত্ব পালনে অবহেলা করলে তাদের ফিরতি ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হবে।
গতকাল রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসির সভাপতিত্বে এ প্রশিক্ষণে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো: শফিকুল ইসলাম খান ও হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো: আয়াতুল ইসলাম বক্তৃতা করেন। এর আগে পাওয়ার পয়েন্টে বিভিন্ন টিমের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরেন হজ অনুবিভাগের যুগ্ম সচিব ড. মঞ্জুরুল হক। এ প্রশিক্ষণে হজ মনিটরিং টিম, প্রশাসনিক টিম, প্রশাসনিক সহায়ক টিম, কারিগরি টিম ও সমন্বিত চিকিৎসক টিমের সদস্যরা অংশগ্রহণ করেন।
ধর্মমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধেও অনেকে অনেকভাবে ষড়যন্ত্র করছে। এ জন্য টিমের চিকিৎসকদের পরিবর্তন করা হয়েছে। যেন সরকারের বদনাম না হয়। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের হুঁশিয়ার থাকতে হবে। সরকারের ভাবমর্যাদা যেন ক্ষুণœ না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সহনশীল একজন মানুষ; কিন্তু তিনি হজের ব্যাপারে খুবই কঠোর। গত ১২ এপ্রিলের সভায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘হাজীদের সেবায় কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না’।
হজ টিমের সদস্যদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, আমি হাজীদের খাদেম হিসেবে সৌদি যাবো। আপনারাও হজযাত্রীদের খাদেম হিসেবে যাচ্ছেন। হজযাত্রীদের খেদমতের সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। তাদেরকে ভালোভাবে সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। টিমের সদস্যদেরকে প্রকৃত খাদেম হিসেবে নিযুক্ত হওয়ার অনুরোধ জানান তিনি।
ধর্মমন্ত্রী আরো বলেন, হজযাত্রীদের খেদমত বাদ দিয়ে অন্যান্য কাজ করা যাবে না। হাজীদের সাথে যারা এ-দিক সে-দিক করবে তাদের ক্ষমা নেই। আল্লাহর মেহমানদের খেদমতে কোনো গাফিলতি সহ্য করা হবে না।
এ সময় মন্ত্রীর আহ্বানে হজ টিমের সদস্যরা হজযাত্রীদের খেদমত করার বিষয়ে হাত তুলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।