সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের পরিকল্পনা
Printed Edition
বাসস
বিশ্বব্যাপী জ্বালানি সঙ্কট নিরসন এবং শিক্ষা কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম নিয়ে নতুন সময়সূচি নির্ধারণ করার পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রস্তাবনা অনুযায়ী, সপ্তাহে মোট ৬ দিন ক্লাসের মধ্যে ৩ দিন সরাসরি এবং ৩ দিন অনলাইন পদ্ধতিতে পাঠদান পরিচালিত হতে পারে।
মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধানদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে প্রাথমিক আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। তবে এ পরিকল্পনার বিস্তারিত আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় চূড়ান্ত করা হবে।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম জেলা জজ) জি. এম ফারহান ইসতিয়াক জানান, রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধানদের নিয়ে অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির চাপ কমাতে ‘অল্টারনেট ডেইজ’ বা একদিন অন্তর অন্তর ক্লাস নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। সভায় উপস্থিত সব অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানরা এ বিষয়ে সর্বসম্মতিক্রমে সম্মতি দিয়েছেন।
তিনি আরো জানান, পরিকল্পনা অনুযায়ী অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকদের সশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠদান পরিচালনা করতে হবে। মূলত বিশ্বব্যাপী জ্বালানি সঙ্কট নিরসনে সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই চিন্তাভাবনা করা হচ্ছে।
এর আগে গতকাল দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই পরিকল্পনার কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক জ্বালানি সঙ্কট বিবেচনায় নিয়ে আমরা শিক্ষাব্যবস্থা সচল রাখার পরিকল্পনা করছি। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে যাতায়াতের ক্ষেত্রে জ্বালানি সাশ্রয়ের বিষয়টি মাথায় রেখে অনলাইনে ক্লাসের এই চিন্তাভাবনা করা হয়েছে।’
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় এই প্রস্তাবটি উত্থাপন করা হবে এবং সেখান থেকে অনুমোদন আসার পরই সংশ্লিষ্ট দফতর থেকে বিস্তারিত নির্দেশনা জারি করা হবে।